৮ বছর পর বিশ্বকাপে ফেরা মিশরের চূড়ান্ত দল ঘোষণা
আট বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে মিশর। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন প্রধান কোচ হোসাম হাসান। শনিবার (৩০ মে) ঘোষিত এই দলে নেতৃত্ব দেবেন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হবে ইতিহাসের প্রথম ৪৮ দলের বিশ্বকাপ। এক আসর বিরতির পর ফুটবলের সবচেয়ে বড় আসরে খেলতে যাচ্ছে আফ্রিকার অন্যতম সফল দল মিশর। অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়ে ভালো কিছু করার আশা করছে ‘ফারাও’রা।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে মিশর দল। দেশটির ফুটবল ফেডারেশনের পরিচালক ইব্রাহিম হাসান এ তথ্য জানিয়েছেন। বিশ্বকাপ শুরুর আগে ৬ জুন ওহাইওতে ব্রাজিলের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে সালাহরা।
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ড। কঠিন এই গ্রুপ পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়াই দলটির প্রথম লক্ষ্য।
গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দ মোহাম্মদ এল-শেনাওয়ির সঙ্গে দলে রয়েছেন মোস্তাফা শোবেইর, এল-মাহদি সোলাইমান ও মোহাম্মদ আলা। রক্ষণভাগে আছেন মোহাম্মদ আবদেলমোনেম, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, আহমেদ ফাত্তুহ, মোহাম্মদ হানি ও হোসাম আবদেলমাজিদের মতো অভিজ্ঞ ফুটবলাররা।
মধ্যমাঠে থাকছেন ইমাম আশুর, মারওয়ান আতিয়া, নাবিল এমাদ, মোহান্নাদ লাশিন, আহমেদ মোস্তাফা জিজো, মাহমুদ সাবের ও ইব্রাহিম আদেল। আক্রমণভাগে সালাহর সঙ্গে বড় ভরসা হিসেবে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করা ওমর মারমুশ, মাহমুদ হাসান ত্রেজেগে, হাইথাম হাসান ও হামজা আবদেল করিম।
তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ওকতাই আবদুল্লাহর।
২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে শেষ মুহূর্তে হতাশা সঙ্গী হয়েছিল মিশরের। অল্পের জন্য কাতার বিশ্বকাপের টিকিট হাতছাড়া হয়েছিল সালাহদের। তবে এবার সেই আক্ষেপ ঘুচেছে। কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চলের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে তারা।
রেকর্ড সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর বিশ্বকাপ খেলতে যাচ্ছে মাত্র চতুর্থবারের মতো। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর দীর্ঘ বিরতি শেষে ১৯৯০ সালে আবার বিশ্বমঞ্চে ফেরে দলটি। এরপর সর্বশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলেছিল মিশর। এবার ৮ বছর পর আবারও বিশ্বকাপের আলোয় ফিরছে আফ্রিকার ঐতিহ্যবাহী দলটি।
মিশরের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার: মোহামেদ এল-শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল-মাহদি সোলাইমান ও মোহামেদ আলা।
ডিফেন্ডার: মোহামেদ আবদেলমোনেম, মোহামেদ হানির, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, আহমেদ ফাত্তুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।
মিডফিল্ডার: মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা, মাহমুদ হাসান, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ
ফরোয়ার্ড: ওমর মারমুশ ও হামজা আবদেল করিম।