নেইমারকে ব্রাজিলের আল্টিমেটাম
ইনজুরিতে আবারও শঙ্কায় পড়েছে নেইমার জুনিয়রের বিশ্বকাপ স্বপ্ন। ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিলের চূড়ান্ত দলে জায়গা পাওয়ার পরপরই ডান উরুর পেশির চোটে পড়েন স্যান্তোসের এই ফরোয়ার্ড। অপ্রত্যাশিত এই চোটই তার বিশ্বকাপ মাতানোর স্বপ্নকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী, এই চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে নেইমারের। তবে এই সময়সীমাটি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বেঁধে দেওয়া ডেডলাইনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গ্লোবো এস্পোর্তের প্রতিবেদন অনুযায়ী, এখনও তাকে দল থেকে বাদ দেয়নি ফেডারেশন। তবে আগামী ১৪ দিনের মধ্যে পুরোপুরি ফিট হতে না পারলে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে। সবমিলিয়ে বিষয়টি বেশ জটিল; কারণ, শত ইচ্ছা থাকা সত্ত্বেও তার মাঠে প্রত্যাবর্তন সম্পূর্ণভাবেই চিকিৎসাগত বিষয়ের ওপর নির্ভর করছে। এ ছাড়া ৩৪ বছর বয়সী এই তারকার পুরোনো চোটের ইতিহাস তার শারীরিক সক্ষমতা নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে।
এদিকে এই অনিশ্চয়তার মধ্যেই কার্লো আনচেলত্তির দলকে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে। আগামী রবিবার পানামা এবং পরের সপ্তাহে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। বিশ্বমঞ্চে নামার আগে দল গোছানোর জন্য এই ম্যাচ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধান তারকাকে ছাড়াই এখন তা সামলাতে হবে ব্রাজিলকে।
অন্যদিকে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ব্রাজিলের। বর্তমানে ফুটবলপ্রেমীদের সব চোখ এখন সেদিকেই।
২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপেই ব্রাজিলের প্রধান তারকা নেইমার। দলে তার উপস্থিতি কেবল প্রতিভার প্রকাশ নয়, বরং তা একাধারে নেতৃত্ব, অভিজ্ঞতা এবং 'ক্যানারিনহা'দের হেক্সা জয়ের স্বপ্নের প্রতীক।