৩০ মে ২০২৬, ১৩:১৬

সান মারিনোর বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডেও আছেন জিকো

আনিসুর রহমান জিকো  © সংগৃহীত

নতুন কোচ আর নতুন স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপিয়ান কোনো দেশের বিপক্ষে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৫ জুন সান মারিনোর বিপক্ষে এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

লাল-সবুজের নতুন কোচ টমাস ডুলির ঘোষিত দলে সবচেয়ে বড় চমক গোলরক্ষক আনিসুর রহমান জিকোর প্রত্যাবর্তন। ২০২৩ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবার মাঠে নামার পর দীর্ঘ ৩২ মাস পর আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। একইসঙ্গে ২০২৪ সালের পর প্রথমবারের মতো জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ডিফেন্ডার ঈসা ফয়সালও চূড়ান্ত দলে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।

তবে ব্যক্তিগত কারণে এই সফরে থাকছেন না নিয়মিত উইঙ্গার রাকিব হোসেন। তার পরিবর্তে রফিকুল ইসলাম সুযোগ পেয়েছেন। অন্যদিকে, বাদ পড়া মঞ্জুরুল মানিক, সজীব ওমর ও মিরাজুল ইসলামকে বয়সভিত্তিক দলে পাঠানো হয়েছে। ডিফেন্ডার রহমত মিয়া এবং দুই ফরোয়ার্ড ইব্রাহিম ও মিনহাজুল করিম স্বাধীনেরও কপাল পুড়েছে। 

রক্ষণভাগে বাড়তি শক্তি যোগ করতে সর্বশেষ স্কোয়াডে তারিক কাজী যুক্ত হয়েছেন। তবে প্রত্যাশা অনুযায়ী দলে আছেন হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ ও ফাহামেদুল ইসলাম। এই ম্যাচ সামনে রেখে আগামী ৩১ মে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, ঈসা ফয়সাল।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া (অধিনায়ক), মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম কিরমানি শাহ্‌।

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, রফিকুল ইসলাম।