৩০ মে ২০২৬, ১১:৩৭

২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, নিশ্চিত পর্তুগাল কোচ

পতুর্গালের কোচের সঙ্গে ক্রিস্তিয়ানো রোনালদো  © সংগৃহীত

বয়সটা এখন প্রায় ৪১ বছর। ২০৩০ বিশ্বকাপের সময়ে ক্রিস্তিয়ানো রোনালদোর বয়স দাঁড়াবে ৪৫ বছরে। সেই আসরের অন্যতম আয়োজক হবে তার জন্মভূমি পর্তুগাল। স্বাভাবিকভাবেই বয়সের কারণে তখন জাতীয় দলে রোনালদোর থাকা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। তবে এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। স্প্যানিশ রেডিও ক্যাডেনা সেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০৩০ বিশ্বকাপেও রোনালদোকে খেলতে দেখা যেতে পারে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

তার ভাষ্য, “কেউ সন্দেহ করতে পারে না যে সে (রোনালদো) ২০৩০ বিশ্বকাপে খেলতে পারে। সে এমন বিশ্বাস অর্জন করেছে।”

২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় রোনালদোর। এরপর দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে নিজেকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকায় পরিণত করেছেন তিনি। বর্তমানে জাতীয় দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তার দখলে। পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচে ১৪৩ গোল করে দুই ক্ষেত্রেই অন্য সবার চেয়ে অনেক এগিয়ে তিনি।

রোনালদোর অধিনায়কত্বেই ২০১৬ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে পর্তুগাল। তার নেতৃত্বে ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালেও পৌঁছেছিল দলটি, ১৯৬৬ সালে তৃতীয় হওয়ার পর বিশ্বকাপে পর্তুগালের সেরা অর্জন এটি। এ ছাড়া ২০২২ কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে নতুন ইতিহাস গড়েন তিনি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়ে নিজের নাম আরও উজ্জ্বল করেন রোনালদো।

রোনালদোর দীর্ঘ ক্যারিয়ারের রহস্য ব্যাখ্যায় মার্তিনেজ বলেন, ‘আমি অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছি, যারা চ্যাম্পিয়নস লিগ বা ব্যালন ডি’অর জয়ের পরই ক্ষুধা হারিয়ে ফেলেছে। কিন্তু রোনালদো আলাদা মানসিকতার উদাহরণ।’

পর্তুগিজ কোচের মতে, সাফল্যের প্রতি অবিচল ক্ষুধাই রোনালদোকে এত দিন শীর্ষ পর্যায়ে টিকিয়ে রেখেছে। তার ভাষ্যমতে, “এই লক্ষ্যই তাকে দীর্ঘ সময় ধরে খেলতে সাহায্য করছে। অবশ্যই জেনেটিক সুবিধা আছে, নিজের শরীরের যত্নে সে সম্ভাব্য সবকিছুই করে। তবে সবচেয়ে বড় বিষয় তার মানসিকতা।”

উল্লেখ্য, ৪৮ দলের প্রথম বিশ্বকাপে গ্রুপ ‘কে’-তে খেলবে পর্তুগাল। আগামী ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু হবে পর্তুগিজরা।