৩০ মে ২০২৬, ০৭:৪৭

৩ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরছেন মরিনহো

জোসে মরিনহো   © সংগৃহীত

তিন বছরের চুক্তিতে আবারও জোসে মারিও দস সান্তোস মরিনহো ফেলিক্সকে প্রধান কোচ হিসেবে ফিরিয়ে আনছে রিয়াল মাদ্রিদ। ইউরোপের সফলতম ক্লাবটির সঙ্গে ৬৩ বছর বয়সী এই পর্তুগিজ কোচের চুক্তি তিন বছরের জন্য হতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য ক্লাব প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে না রিয়াল মাদ্রিদ। প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস পুনর্নির্বাচিত হলেই কেবল মরিনহোর চুক্তি কার্যকর হবে।

চলতি মাসে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ঘোষণা দেন পেরেস। সে সময় সাংবাদিক ও লা লিগার সমালোচনা করে তিনি বলেন, ‘সংগঠিত প্রচারণা’ চালানো হচ্ছে তার বিরুদ্ধে।

২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সভাপতি ছিলেন পেরেস। এরপর ২০০৯ সালে আবার দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত সেই পদে রয়েছেন তিনি। তবে টানা দুই মৌসুম শিরোপাবঞ্চিত থাকায় ৭৯ বছর বয়সী এই ক্লাবপ্রধানের ওপর চাপ বেড়েছে। প্রায় দুই দশকের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে তাকে। যদিও স্পেন ও ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যমের ধারণা, প্রতিদ্বন্দ্বী এনরিকে রিকেলমেকে হারিয়ে আবারও জয়ী হবেন পেরেস।

গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নেন মরিনহো। তবে নতুন করে রিয়ালে যোগ দিতে তিনি পর্তুগিজ ক্লাবটি ছাড়ছেন। তার অধীনে চলতি মৌসুমে লিগে তৃতীয় স্থানে শেষ করেছে বেনফিকা।

রিয়াল মাদ্রিদের সঙ্গে মরিনহোর সম্পর্ক নতুন নয়। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে দায়িত্ব পালন করেন তিনি। সেই সময়ে একটি লা লিগা, একটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ জেতান দলকে। আক্রমণাত্মক ফুটবল ও শক্তিশালী মানসিকতার জন্য সেই সময়ের রিয়াল দলটি বিশেষভাবে আলোচিত ছিল।

এরপর ২০১৩ সালে রিয়াল ছাড়ার পর দ্বিতীয় দফায় চেলসির কোচ হন মরিনহো। সেখানে তিনি নিজের তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন। পাশাপাশি ২০১৪-১৫ মৌসুমে লিগ কাপও ঘরে তোলেন।

২০১৫ সালে পারস্পরিক সমঝোতায় চেলসি ছাড়ার পর ২০১৬ সালে তিন বছরের চুক্তিতে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ইউনাইটেডকে তিনি ইউরোপা লিগ, লিগ কাপ এবং কমিউনিটি শিল্ড জেতালেও ধারাবাহিক ব্যর্থতার কারণে ২০১৮ সালের ডিসেম্বরে তাকে বরখাস্ত করা হয়।

পরবর্তীতে টটেনহ্যাম হটস্পার এবং রোমার দায়িত্ব পালন করেন তিনি। রোমার কোচ থাকাকালে ২০২২ সালে উয়েফা কনফারেন্স লিগ জিতে নতুন ইতিহাস গড়েন। বেনফিকায় যোগ দেওয়ার আগে সবশেষ তিনি ছিলেন ফেনেরবাচের কোচ।

এদিকে ২০২৫-২৬ মৌসুমটি ছিল রিয়াল মাদ্রিদের জন্য হতাশার। মৌসুমজুড়ে কোনো শিরোপাই জিততে পারেনি দলটি। ক্লাসিকোয় ২-০ গোলের জয়ে লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। আর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখর কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় প্রতিযোগিতার ইতিহাসের সবচেয়ে সফল দলটিকে।

কার্লো আনচেলত্তির বিদায়ের পর গত বছর ক্লাব বিশ্বকাপ দিয়ে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব শুরু করেছিলেন শাবি আলোনসো। পরে চলতি বছরের জানুয়ারিতে তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় আলভারো আরবেলোয়াকে। এবার নিজের সাবেক খেলোয়াড়ের স্থলাভিষিক্ত হয়ে দ্বিতীয় মেয়াদে রিয়ালের ডাগআউটে ফিরছেন মরিনহো।