২৮ মে ২০২৬, ১৪:৪৪

পেনাল্টিতে স্পেনের সেই ঐতিহাসিক রেকর্ড

পেনাল্টিতে স্পেনের সেই ঐতিহাসিক রেকর্ড  © সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা চলছে। আর বিশ্বফুটবলের এই মহাযজ্ঞকে সামনে রেখে বিশেষ কাউন্টডাউনে ইতিহাসের সেরা সব পরিসংখ্যান তুলে আনছে ফিফা। আর আজকে স্পেনের এক অবিশ্বাস্য রেকর্ড উঠে এসেছে।

বিশ্বকাপের ইতিহাসে একটি নির্দিষ্ট দল হিসেবে টানা সবচেয়ে বেশি পেনাল্টি (ম্যাচ চলাকালীন স্পট-কিক) গোল করার অনন্য বিশ্বরেকর্ডটি এককভাবে ধরে রেখেছে স্পেন। ১৯৩৪ সালের বিশ্বকাপ থেকে শুরু করে ২০০৬ সালের বিশ্বকাপ পর্যন্ত টানা ১৪টি পেনাল্টি থেকে গোল আদায় করে নিয়েছিল তারা।

বিশ্বমঞ্চে প্রথম পেনাল্টি নেওয়ার দীর্ঘ ৭৬ বছর পর ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে এসে প্রথম কোনো স্পট-কিক মিস করে স্পেন। হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার সহজ সুযোগ পেয়েও ডেভিড ভিয়া বলটি পোস্টের বাইরে মারেন।

কৌতূহলোদ্দীপক বিষয় হলো, একই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে স্পেনের পরবর্তী পেনাল্টিটিও মিস করেছিলেন জাবি আলোনসো। তবে সেবার শেষ মুহূর্তে গোল করে আলোনসোকে রক্ষা করেছিলেন এই ভিয়াই।

এই দীর্ঘ সময়ে স্পেনের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলো যে ৫টি পেনাল্টি পেয়েছিল, তার মধ্যে কেবল ডেনমার্কের জেসপার ওলসেন এবং রিপাবলিক অব আয়ারল্যান্ডের রবি কিন গোল করতে পেরেছিলেন।