২৮ মে ২০২৬, ১১:০৭

আর্জেন্টিনা দলে বিকল্প হিসেবে থাকছেন তারকা ৪ ফুটবলার

কোলাজ ছবি   © টিডিসি সম্পাদিত

আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনায় বিকল্প চারজন তারকা ফুটবলারকে প্রস্তুত রাখা হয়েছে। কোচ লিওনেল স্কালোনি এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা না করে শেষ মুহূর্ত পর্যন্ত খেলোয়াড়দের ফিটনেস পর্যবেক্ষণ করছেন।

এই বিকল্প তালিকায় রয়েছেন মার্কোস সেনেসি, মাতিয়াস সোলেতে, এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং ভ্যালেন্তিন বার্কো। কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে বা শেষ মুহূর্তে ফিট না থাকলে এই চারজনের মধ্য থেকে কাউকে ডাকা হতে পারে।

স্কালোনি জানিয়েছেন, কাতার বিশ্বকাপ ২০২২-এর অভিজ্ঞতা থেকেই এবার তিনি সতর্ক অবস্থান নিয়েছেন। সে সময় শেষ মুহূর্তে ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছিল। এবার তিনি আর এই ভুলের পুনরাবৃত্তি করতে চান না।

তিনি বলেন, ‘শুধু ফিটনেস সমস্যার কারণে কোনো খেলোয়াড়কে বলা ঠিক হবে না যে তাকে বাদ দেওয়া হচ্ছে বা সে বিশ্বকাপে থাকছে না।' তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছেন এবং মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছেন।

২০২২ বিশ্বকাপে শেষ মুহূর্তে হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গনসালেসকে বাদ দিতে হয়েছিল। পরে জরুরি ভিত্তিতে থিয়াগো আলমাদা ও অ্যাঞ্জেল কোরেয়াকে দলে অন্তর্ভুক্ত করা হয়। সেই অভিজ্ঞতা এবার বড় শিক্ষা হিসেবে কাজ করছে।

এদিকে ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত ২৬ সদস্যের তালিকায় পরিবর্তন আনা সম্ভব। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে। তবে পরিবর্তনের ক্ষেত্রে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকে খেলোয়াড় নেওয়ার বাধ্যবাধকতা নেই।

দলের ডান পাশের ফুলব্যাক পজিশন নিয়েও এখনো অনিশ্চয়তা রয়েছে। নাহুয়েল মোলিনা ও গঞ্জালো মন্তিয়েলের প্রায় একই সময়ে হওয়া ইনজুরি কোচিং স্টাফকে নতুন করে পরিকল্পনা করতে বাধ্য করেছে। এই পরিস্থিতিতে আগুস্তিন গিয়াই এবং নিকোলাস কাপালদোর মতো খেলোয়াড়দেরও বিবেচনায় রাখা হচ্ছে।

স্কালোনি আরও জানিয়েছেন, ক্রিস্তিয়ান রোমেরো শুরুতে ইনজুরিতে থাকলেও ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন, তবে পুরোপুরি ম্যাচ ফিট হতে তার সময় লাগবে।

দলে লিওনেল মেসি, এমিলিয়ানো ‘ডিবু’ মার্টিনেজ, হুলিয়ান আলভারেজের মতো গুরুত্বপূর্ণ তারকারাও এখন ফিটনেস পর্যবেক্ষণে আছেন। তারা আগামী রোববার ও সোমবারের মধ্যে দলের সঙ্গে যুক্ত হবেন।

চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা ৩০ মে হলেও আর্জেন্টিনা দল রোববার ভোরে কানসাস সিটির উদ্দেশে রওনা দেবে। সেখানে প্রস্তুতি ক্যাম্পে অতিরিক্ত খেলোয়াড়দের পাশাপাশি তরুণ ফুটবলারদেরও সুযোগ দেওয়া হবে।

স্কালোনি জানিয়েছেন, তিনি কোনো ঝুঁকি নিতে চান না। প্রস্তুতি ম্যাচে খেলোয়াড়দের ঘুরিয়ে খেলানো হবে এবং সবার ফিটনেস নিশ্চিত করেই বিশ্বকাপের চূড়ান্ত দল গঠন করা হবে।