২৮ মে ২০২৬, ০৯:৪৭

মেসিসহ পুরো আর্জেন্টিনা দলকে চমকে দিলেন স্কালোনি

স্কালোনি   © সংগৃহীত

আসন্ন ফুটবল বিশ্বকাপ শুরুর আগে লিওনেল স্কালোনির এক সিদ্ধান্ত মেসিসহ পুরো আর্জেন্টিনা দলকে চমকে দিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখার মিশনে মাস্টার মাইন্ড কোচ স্কালোনির দলে অতিরিক্ত খেলোয়াড় রাখার সিন্ধান্ত নিয়েছেন। শেষ মুহূর্তের ইনজুরি ঝুঁকি এড়াতে স্কালোনির নেওয়া এই কৌশল এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। খবর জনপ্রিয় দৈনিক মার্কা। 

স্কালোনি সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি সফরে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি খেলোয়াড় নিয়ে যাবেন তিনি। চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় থাকলেও, ফিফার নিয়মের ফাঁক কাজে লাগিয়ে প্রায় ৩০ জনের বড় বহর নিয়ে তিনি প্রস্তুতি ক্যাম্প চালাতে চান। এতে সম্ভাব্য ইনজুরি বা ফিটনেস সমস্যায় দ্রুত বিকল্প তৈরি রাখা যাবে।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তোন এদুলের তথ্য অনুযায়ী, প্রাক-টুর্নামেন্ট প্রস্তুতি ম্যাচের সফরে খেলোয়াড় সংখ্যার ওপর ফিফার নির্দিষ্ট কোনো সীমা নেই। সেই সুযোগেই স্কালোনি অতিরিক্ত খেলোয়াড়দের যুক্ত করে একটি ‘রিজার্ভ গ্রুপ’ তৈরি করছেন, যারা মূল দলের সঙ্গে অনুশীলন করবে এবং প্রয়োজনে দ্রুত প্রস্তুত থাকবে।

এই পরিকল্পনার পেছনে বড় প্রভাব ফেলেছে ২০২২ কাতার বিশ্বকাপের অভিজ্ঞতা। সেই সময় ইনজুরির কারণে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন হোয়াকিন কোরেয়া এবং নিকোলাস গনসালেস। তখন বাধ্য হয়ে ছুটিতে থাকা থিয়াগো আলমাদা ও অ্যাঞ্জেল কোরেয়াকে দ্রুত দলে ডেকে ম্যাচ ফিট না থাকা অবস্থায় কাতারে পাঠাতে হয়েছিল দলকে। সেই তিক্ত অভিজ্ঞতা এবার আর পুনরাবৃত্তি করতে চান না স্কালোনি।

এবার তাই বিকল্প খেলোয়াড়দের আগেভাগেই মূল দলের সঙ্গে রেখে অনুশীলনের পরিকল্পনা করা হয়েছে। এতে কেউ ইনজুরিতে পড়লে বিকল্প খেলোয়াড়রা আগে থেকেই দলের কৌশল, পরিবেশ এবং ম্যাচ প্রস্তুতির সঙ্গে মানিয়ে নিতে পারবে। একই সঙ্গে দলীয় সমন্বয়ও শক্তিশালী থাকবে।

নতুন এই পরিকল্পনায় যুক্ত করা হয়েছে কয়েকজন উদীয়মান ও অতিরিক্ত খেলোয়াড়কে। তাদের মধ্যে আছেন রিভার প্লেটের সান্তিয়াগো বেলত্রান ও হোয়াকিন ফ্রেইতাস, বোকা জুনিয়র্সের তোমাস আরান্দা, ভেলেজ সার্সফিল্ডের সিমোন এসকোবার, রোজারিও সেন্ট্রালের ইগ্নাসিও ওভান্দো এবং জার্মান ক্লাব হামবুর্গে খেলা মিডফিল্ডার নিকোলাস কাপালদো। তবে এদের সবাই মূল বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন না।

ফিফার নিয়ম অনুযায়ী জরুরি বদলি খেলোয়াড় নিতে হলে আগে জমা দেওয়া ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকেই নির্বাচন করতে হবে। ফলে এই অতিরিক্ত খেলোয়াড়দের অনেকেই মূলত অনুশীলনের স্পেয়ার পার্টনার হিসেবেই থাকবেন। তারা মূল দলের অনুশীলনে প্রতিদ্বন্দ্বিতা বাড়াবেন এবং তারকাদের ওপর চাপ কমাতে সাহায্য করবেন।

বিশেষ করে ফ্রেইতাস, ওভান্দো ও এসকোবারদের মতো তরুণরা অনুশীলনে প্রতিযোগিতা করে মূল একাদশকে প্রস্তুত করতে সহায়তা করবে। অন্যদিকে প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় থাকা ফুটবলারদের জন্যও এটি বড় সুযোগ হয়ে উঠতে পারে, কারণ ইনজুরি হলে তারাই প্রথম ডাক পাবেন।

স্কালোনির এই সতর্ক পরিকল্পনার পেছনে মেসির সাম্প্রতিক শারীরিক অবস্থাও বড় ভূমিকা রেখেছে। মায়ামির হয়ে খেলতে গিয়ে উরুর চোট পাওয়ার পর বড় কোনো সমস্যা না হলেও দলীয় মেডিকেল স্টাফ আরও সতর্ক হয়েছে। একই সঙ্গে ইউরোপীয় ক্লাব মৌসুম শেষে ক্লান্ত অবস্থায় আসা আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও ক্রিস্তিয়ান রোমেরোর মতো খেলোয়াড়দের নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।

কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি ম্যাচে মূল খেলোয়াড়দের খেলার সময় কমানো হবে এবং অনুশীলনের চাপও নিয়ন্ত্রণে রাখা হবে। এতে একদিকে তারকাদের ফিটনেস রক্ষা পাবে, অন্যদিকে নতুন খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত প্রস্তুতিও সহজ হবে।

সব পরিকল্পনা চূড়ান্ত করে আগামী শনিবার কানসাস সিটিতে রওনা দেবে আর্জেন্টিনা দল। সেখানেই বিশ্বকাপের মূল প্রস্তুতি ক্যাম্প গড়ে তুলবে বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী সোমবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে, এরপর ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।

এই ম্যাচগুলোতে স্কালোনি শুধু মূল একাদশ নয়, অতিরিক্ত খেলোয়াড়দেরও পরীক্ষা করবেন। তার লক্ষ্য একটাই—বিশ্বকাপের গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে দলকে শতভাগ ফিট ও প্রস্তুত অবস্থায় রাখা।

এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আবারও পরিষ্কার হয়েছে, শিরোপা ধরে রাখার মিশনে কোনো ঝুঁকিই নিতে চান না লিওনেল স্কালোনি। পরিকল্পনা, সতর্কতা আর দীর্ঘমেয়াদি কৌশল—সবকিছুর কেন্দ্রে এখন আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান।