২৮ মে ২০২৬, ০৯:১৪

দলবদলের শুরুতেই বড় চমক দিল বার্সেলোনা

অ্যান্তনি গর্ডন   © সংগৃহীত

দলবদলের শুরুতেই বড় চমক দিল বার্সেলোনা। ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড উইঙ্গার অ্যান্তনি গর্ডনকে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়ে গেছে কাতালান জায়ান্টরা। সবকিছু ঠিক থাকলে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে এটিই হতে যাচ্ছে বার্সেলোনার প্রথম বড় সাইনিং।

গত কয়েক ঘণ্টা ধরেই দুই ক্লাবের মধ্যে সমঝোতার খবর ছড়িয়ে পড়েছিল। পরে ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিয়ানো রোমেরো নিজের পরিচিত ‘Here we go’ বার্তার মাধ্যমে এই ট্রান্সফার নিশ্চিত করেন।

জানা গেছে, গর্ডনকে দলে আনতে নিউক্যাসলের সঙ্গে ৭০ মিলিয়ন ইউরো এবং অতিরিক্ত বোনাসসহ চুক্তি করেছে বার্সেলোনা। সব মিলিয়ে এই ট্রান্সফারের মোট মূল্য ৮০ মিলিয়ন ইউরোর কিছু বেশি হতে পারে।

ইতোমধ্যে নিউক্যাসলের বোর্ড এবং সৌদি মালিকপক্ষও এই প্রস্তাবে সম্মতি দিয়েছে। ফলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা ছাড়া বাকি প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। এর আগে গর্ডনের সঙ্গে ব্যক্তিগত শর্ত নিয়েও সমঝোতায় পৌঁছে যায় বার্সা।

চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে এই সপ্তাহেই মেডিকেল পরীক্ষার আয়োজন করতে চায় স্প্যানিশ ক্লাবটি। মেডিকেল ও চুক্তি স্বাক্ষরের কাজ শেষ করেই ২৫ বছর বয়সী এই ফুটবলারকে ২০২৬ বিশ্বকাপের জন্য উত্তর আমেরিকায় পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।

খুব দ্রুতই ইংল্যান্ড থেকে বার্সেলোনায় উড়ে যেতে পারেন গর্ডন। ক্লাব সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আর কোনো বড় জটিলতা না থাকলে কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে বার্সেলোনায় পা রাখতে যাচ্ছেন এই ইংলিশ তারকা। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে নিউক্যাসলের হয়ে ১৭ গোল করেছেন তিনি। বাঁ প্রান্তের উইঙ্গার হিসেবে বেশি খেললেও প্রয়োজন হলে সেন্টার ফরোয়ার্ড হিসেবেও খেলতে পারেন।

গতি, শারীরিক সক্ষমতা, আক্রমণাত্মক প্রেসিং এবং একাধিক পজিশনে খেলার দক্ষতা তাকে বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিকের পরিকল্পনার সঙ্গে মানানসই ফুটবলার হিসেবে তুলে ধরেছে। বিশেষ করে দ্রুতগতির আক্রমণ ও হাই প্রেসিং নির্ভর ফুটবলে গর্ডনকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখছে বার্সেলোনা।