২৬ মে ২০২৬, ১৩:২১

বাংলাদেশে কি বিশ্বকাপ দেখা যাবে, যা জানা গেল

বিশ্বকাপ ট্রফি   © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। কিন্তু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচার স্বত্ব বাংলাদেশে এখনো চূড়ান্ত হয়নি। এতে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। তবে সম্প্রচার বিশেষজ্ঞ ও বাজার বিশ্লেষকদের মতে, দেশে বিশ্বকাপ দেখা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার অর্থাৎ ‘ব্ল্যাকআউট’র কোনো ঝুঁকি নেই।

এদিকে দেশের সম্প্রচার স্বত্ব ঘিরে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান স্প্রিংবক প্রাইভেট লিমিটেড নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় ফিফার সঙ্গে তাদের প্রায় ৮৮ কোটি টাকার (৭ দশমিক ২১১ মিলিয়ন ডলার) চুক্তি বাতিল হয়ে গেছে। এতে তুলনামূলক কম দামে সরাসরি ফিফার কাছ থেকে স্বত্ব কেনার সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের সম্প্রচার প্রতিষ্ঠানগুলো।

চুক্তি থেকে সরে দাঁড়ানোর বিষয়টিও ইতোমধ্যেই নিশ্চিত করেছেন স্প্রিংবকের প্রধান নির্বাহী গোপাল পাডিয়া। দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে তিনি বলেছেন, 'হ্যাঁ, বিষয়টি সত্যি। বাংলাদেশে স্বত্ব বিক্রি করতে না পারায় আমি অধিকার ছেড়ে দিয়েছি।'

সূত্র বলছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিভির কাছে প্রায় ১৫০ কোটি ৯৮ লাখ টাকা দাবি করেছিল স্প্রিংবক, কিন্তু দেশের ক্রমবর্ধমান বাজার অনুযায়ী এই আর্থিক অঙ্ক অনেক বেশি বলে বিবেচিত হচ্ছিল। এ ছাড়া প্রতিষ্ঠানটি সময়মতো আর্থিক যোগান না দিতে পারায় গত সপ্তাহেই এই চুক্তি বাতিল করে দেয় ফিফা।

জানা গেছে, এই চুক্তি বাতিলের পর সম্প্রতি সরাসরি ফিফার সঙ্গে দরকষাকষি করছে ‘টি স্পোর্টস’ ও ‘স্টার নিউজ’র যৌথ উদ্যোগ এবং দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান। সংশ্লিষ্টদের মতে, ফিফা শুরুর দিকে ৭ মিলিয়ন ডলার চাইলেও এখন ৫ মিলিয়ন ডলারের আশেপাশে অফিসিয়াল সম্প্রচার স্বত্ব দিতে আগ্রহী। তবে বাজার পরিস্থিতি বিবেচনায় এটিকে ২ থেকে ৩ মিলিয়ন ডলারের মধ্যে নামিয়ে আনার চেষ্টা করছেন বাংলাদেশি ক্রেতারা।

এদিকে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভির জন্য ফিফার কাছে বিনামূল্যে ফিড চেয়ে আবেদন করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে  বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তাদের যুক্তি, স্বত্ব থেকে প্রাপ্ত এই আয়ই স্থানীয় ফুটবল ফেডারেশনগুলোর উন্নয়নে ব্যয় করা হয়, তাই বিনামূল্যে দেওয়ার সুযোগ নেই। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্বত্ব কিনলে বিটিভিকেও অর্থ দিয়ে ফিড নিতে হবে।

এ নিয়ে বিটিভির মহাপরিচালক মাহবুবুল আলম জানান, 'এখনও আমার কাছে কোনো তথ্য নেই, তাই কিছু বলতে পারছি না। আশা করি এক-দুই দিনের মধ্যেই বিষয়টি জানানো যাবে।'

উল্লেখ্য, এবার প্রথমবারের মতো ৪৮টি দল বিশ্বকাপে খেলবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য বৈশ্বিক এই মহারণে ১০৪ ম্যাচ হবে।