২৬ মে ২০২৬, ১২:১৬

আনচেলত্তির অভিজ্ঞতায় বিশ্বমঞ্চে পুনরুত্থানের স্বপ্ন ব্রাজিলের

ব্রাজিল দল   © সংগৃহীত

ইউরোপিয়ানদের কাছ থেকে বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে এবার একজন ইউরোপিয়ান কোচের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে ব্রাজিল। ইতালিয়ান অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বেই এখন এগিয়ে চলছে সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

সর্বশেষ ২০০২ সালে অর্থাৎ প্রায় ২৪ বছর আগে বিশ্বকাপ শিরোপা জিতেছিল ব্রাজিল। এর আগেও একই ধরনের অপেক্ষা দেখা গিয়েছিল! ১৯৭০ সালে পেলের নেতৃত্বে জুলে রিমে ট্রফি জয়ের পর ১৯৯৪ সালে আবারও বিশ্বচ্যাম্পিয়ন হতে তাদের ২৪ বছর সময় লেগেছিল।

৬৬ বছর বয়সী আনচেলত্তির ক্যারিয়ারে বিশ্বকাপ এখনও এক অপূর্ণ অধ্যায়। অন্যদিকে, ব্রাজিলও যেন নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত।

সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘বিশ্বকাপ জেতা নিয়ে আমি আচ্ছন্ন নই। তবে এই মুহূর্তটা উপভোগ করার আনন্দ আর আবেগ আমার আছে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়াটা বিশেষ কিছু।’

শান্ত স্বভাব এবং কৌশলগত কারণে অনেকেই আনচেলত্তিকে তার প্রজন্মের অন্যতম সফল কোচ হিসেবে বিবেচনা করেন। অবশ্য, ক্লাব পর্যায়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন তিনি। 

তার ঝুলিতে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। এর মধ্যে এসি মিলানের হয়ে দুটি এবং রিয়াল মাদ্রিদের হয়ে তিনবার কোচ হিসেবে এই শিরোপা জিতেছেন। পাশাপাশি ইউরোপের শীর্ষ পাঁচ লিগের (ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও স্পেন) সবগুলোতেই লিগ শিরোপা জয়ের বিরল অর্জনও রয়েছে তার।

গত বছর রিয়াল ছাড়ার পর ব্রাজিলের দায়িত্ব নেন তিনি। আনচেলত্তির অধীনেই মূলপর্বে জায়গা নিশ্চিত করে সেলেসাওরা। তবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে থেকে শেষ করে দলটি, যেখানে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নতুন কোচের অধীনে এখন পর্যন্ত বিভিন্ন ফরমেশনে পরীক্ষা-নিরীক্ষা চালায় দলটি। তাদের পারফরম্যান্সে তিনটি জয়, একটি ড্র এবং দুটি হার দেখা গিয়েছে। যদিও জাপান ও ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে দুটি হার এসেছে।

তবে বড় কোনো বিপ্লব করেননি আনচেলত্তি। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশের ৮ জন এখনো তার স্কোয়াডে আছেন। কিন্তু চোটের কারণে সেন্টার-ব্যাক এদের মিলিতাও এবং ফরোয়ার্ড রদ্রিগো ও এস্তেভা-ও ছিটকে গেছেন। 

চেলসির জোয়া পেদ্রোকেও দলে রাখা হয়নি। তবে সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি হলো নেইমার জুনিয়রকে দলে রাখা। ৩৪ বছর বয়সী এই তারকা ২০২৩ সালের পর আর জাতীয় দলে খেলেননি, তবুও তাকে নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল।