২৬ মে ২০২৬, ০৯:৪৫

বিশ্বকাপের রাউন্ড ৩২ থেকেই বাদ পড়বে ব্রাজিল!

নেইমার ও ভিনি   © সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে এখন থেকেই চলছে নানা হিসাব-নিকাশ ও ভবিষ্যদ্বাণী। এরই মধ্যে জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টের গাণিতিক মডেল নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার বিশেষ অ্যালগরিদমের পূর্বাভাস অনুযায়ী, এবার রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের সম্ভাব্য দল হিসেবে নেদারল্যান্ডসের নাম উঠে এসেছে।

২০১৪ সালে ক্লেমেন্ট একটি বিশেষ গাণিতিক সূত্র তৈরি করেছিলেন, যা অবিশ্বাস্যভাবে সেবারের বিশ্বকাপজয়ী জার্মানিকে সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিল। পরে একই মডেল ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনার শিরোপা জয়ের ভবিষ্যদ্বাণীতেও সফল হয়। এবার সেই একই বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে ২০২৬ বিশ্বকাপের সম্ভাব্য চিত্র তুলে ধরেছেন তিনি।

যদিও ক্লেমেন্টের এই মডেলে শুধু মাঠের পারফরম্যান্স নয়, খেলোয়াড়দের বাজারমূল্য, ফুটবল ঐতিহ্য, সংস্কৃতি এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। তার দাবি, এসব উপাদানের সমন্বয়ে বিশ্বকাপের ফলাফল প্রায় ৪৫ থেকে ৫৫ শতাংশ নির্ভুলভাবে অনুমান করা সম্ভব।

ইতিহাসে তিনবার ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে ফাইনালে উঠলেও এখনও বিশ্বকাপ জেতা হয়নি ডাচদের। তবে ক্লেমেন্টের মডেল এবার ডাচদের ভাগ্য বদলের ইঙ্গিত দিচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, নকআউট পর্বে মরক্কো ও কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। এরপর সেমিফাইনালে স্পেনকে পেছনে ফেলে ফাইনালে পৌঁছাবে তারা। সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের আনন্দে মাতবে ডাচরা।