২৫ মে ২০২৬, ১৬:৩০

আর বাকি ১৭ দিন: মিস্টার ভিক্টরি

মিরোস্লাভ ক্লোসা  © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে গড়াবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই মহারণ। সেই হিসেবে আর মাত্র ১৭ দিন বাকি বৈশ্বিক এই টুর্নামেন্টের। প্রতিদিনের পরিসংখ্যানমূলক প্রতিবেদনের মাধ্যমে ক্ষণগণনা করছে ফিফাও।

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন মিরোস্লাভ ক্লোসা। ১৭ ম্যাচ জিতে সবার উপরে আছেন জার্মানির এই স্ট্রাইকার। তার ঠিক পেছনেই আছেন ব্রাজিলের ফুলব্যাক কাফু ও আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তারা দুজনেই ১৬টি করে ম্যাচ জিতেছেন। তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপে মেসির সামনে এই রেকর্ড ভাঙার সুযোগ।

২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপ, ২০০৬ জার্মানি বিশ্বকাপ ও ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে পাঁচটি করে জয় পেয়েছিলেন ক্লোসা। ২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জেতার মিশনে দুটি জয় ছিনিয়ে নেন। এতে একমাত্র খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে চারটি পদক জিতেছেন: একটি স্বর্ণ, একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ।

শুধু জয়েই নয়, গোলের দিক থেকেও বিশ্বকাপ ইতিহাসের শীর্ষে আছেন জার্মানির সাবেক তারকা। বিশ্বমঞ্চে ১৬টি গোল করেছেন তিনি। এর পরে আছেন ব্রাজিলিয়ান রোনালদো (১৫), পশ্চিম জার্মানির গার্ড মুলার (১৪), মেসি (১৩) ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে (১২)। আগামী বিশ্বকাপে মেসি ও এমবাপ্পে দু’জনই ক্লোজের রেকর্ড ভাঙার দৌড়ে থাকবেন।