২৫ মে ২০২৬, ১২:৩২

অবসর ভেঙে ডি মারিয়া কী ফিরবেন বিশ্বকাপে

ডি মারিয়া   © সংগৃহীত

অ্যাঞ্জেল ডি মারিয়াকে আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে—এমন আলোচনা জোরালো হচ্ছে ফুটবল দুনিয়ায়। জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন এই আর্জেন্টাইন তারকা। তাই ২০২৬ বিশ্বকাপে তিনি ফের আলবিসেলেস্তেদের হয়ে মাঠে নামবেন কি না, তা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।

২০২৪ সালে জাতীয় দলকে বিদায় জানান ৩৮ বছর বয়সী ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচে ৩১ গোল করা এই কিংবদন্তি বর্তমানে নিজের শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে খেলছেন। বয়স বাড়লেও মাঠের পারফরম্যান্সে এখনো ধার কমেনি তার।

আর্জেন্টিনার লিগা প্রফেশনালে সোমবার বারাকা সেন্ট্রালর বিপক্ষে ২-০ গোলের জয়ে একটি গোল করেন ডি মারিয়া। এর আগের দুই ম্যাচেও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন তিনি। ক্লাবটির ইতিহাসে ৩৮ বছর বয়সের পর গোল করা মাত্র চারজন ফুটবলারের একজন এখন ডি মারিয়া।

তার ধারাবাহিক পারফরম্যান্সই নতুন করে প্রশ্ন তুলছে—আসন্ন বিশ্বকাপে কি আবারও আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে তাকে? সমর্থকদের পাশাপাশি আর্জেন্টিনার সাবেক ফুটবলাররাও এখন সেই সম্ভাবনা নিয়ে কথা বলছেন।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক গোলকিপার উবালদো মাতিলদা ফিল্লোল মনে করেন, ডি মারিয়ার ফেরার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য এই কিংবদন্তি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ডি মারিয়ার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন।

ফিল্লোল বলেন, ‘আমি শুনেছি কোচিং স্টাফ এবং কিছু খেলোয়াড় তাকে জাতীয় দলে ফিরতে উৎসাহিত করছেন। এখন যা দেখছি, তিনি অবশ্যই খেলতে আসবেন, এতে কোনো সন্দেহ নেই।’

তিনি আরও বলেন, ‘আমার ধারণা তিনি দলে থাকবেন। আমি মনে করি তারা তাকে পরবর্তী বিশ্বকাপে খেলতে রাজি করাতে সক্ষম হবে।’

ফিল্লোলের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক সমর্থক ডি মারিয়ার ফেরার পক্ষে মত দেন। কেউ কেউ অবশ্য মনে করেন, জাতীয় দলের হয়ে তার বিদায়টাই ছিল সবচেয়ে সুন্দর সমাপ্তি।

একজন সমর্থক লিখেছেন, ‘খুবই সত্য, পাটো। আশা করি তাই হবে।’

আরেকজনের মন্তব্য ছিল, ‘যদি আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই, তাকে অবশ্যই যেতে হবে, কোনো শর্ত ছাড়াই।’

কেউ কেউ আবার মনে করছেন, নিয়মিত একাদশে না খেললেও দলের সঙ্গে থাকাটা আর্জেন্টিনার জন্য বড় শক্তি হতে পারে। বিশেষ করে লিওনেল মেসিদের পাশে অভিজ্ঞ ডি মারিয়ার উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দিতে পারে।

ফিল্লোল এ সময় আর্জেন্টিনার লিগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের কথাও তুলে ধরেন। তিনি বলেন, মেজর লিগ সকারের তুলনায় আর্জেন্টিনার লিগ অনেক বেশি কঠিন এবং প্রতিযোগিতাপূর্ণ। সেই লিগে নিয়মিত ভালো খেলছেন ডি মারিয়া, যা তার সামর্থ্যেরই প্রমাণ।

তিনি বলেন, ‘আমি মনে করি ডি মারিয়া ভালো করছে। লিও মেসির সঙ্গে তুলনা করলে, লিও এমন একটি লিগে খেলছে যা খুব একটি প্রতিযোগিতামূলক নয়, আর আর্জেন্টিনার ফুটবল অত্যন্ত প্রতিযোগিতামূলক। এখানে এমনি এমনি কিছুই পাওয়া যায়না, কেউ কাউকে সহজে জায়গা ছেড়ে দেয় না, এবং সে ভালো করছে। তার গতিশীলতা আছে, ক্ষুধা আছে, এবং গোল করছে।’