হার দিয়ে ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা
হার দিয়েই ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করলে পেপ গার্দিওলা। বিদায়ী ম্যাচে জয় উপহার দিতে পারলেন না এই কিংবদন্তী কোচ। দুই অভিজ্ঞ ফুটবলার বের্নার্দো সিলভা ও জন স্টোনসের বিদায়ের আবেগঘন সন্ধ্যায় শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ম্যানচেস্টার সিটিকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে রোববার একসঙ্গে মাঠে নামে ২০ দল। ৩৮তম রাউন্ডের ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে বসে সিটি। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে জয় তুলে নেয় কদিন আগে ইউরোপা লিগ জেতা ভিলা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। ২৩তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন অ্যান্টোয়ান সেমেনিও। কর্নার থেকে ভিলার এক ডিফেন্ডারের ফ্লিকে বল পেছনের পোস্টে পেয়ে সহজেই জালে জড়িয়ে দেন তিনি।
গোলের পর আরও কয়েকবার ভিলার রক্ষণে চাপ সৃষ্টি করে সিটি। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর দুটি দারুণ সুযোগও পেয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি।
প্রথমার্ধে আক্রমণে প্রায় নিষ্প্রভ থাকা ভিলা বিরতির পর বদলে যায় পুরোপুরি। ম্যাচের ৪৭তম মিনিটে সমতায় ফেরে দলটি। কর্নার থেকে জন স্টোনসের হেড অলি ওয়াটকিন্স-এর গায়ে লাগলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে খুব কাছ থেকে বল জালে পাঠান ইংলিশ ফরোয়ার্ড।
এরপর ম্যাচজুড়ে বাড়তে থাকে ভিলার আধিপত্য। ৫৯তম মিনিটে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হয় ইতিহাদ স্টেডিয়াম। গার্ড অব অনার ও দর্শকদের করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়েন বের্নার্দো সিলভা। এই ম্যাচ দিয়েই শেষ হলো সিটির জার্সিতে তার অধ্যায়। মাঠ ছাড়ার সময় চোখে জল ছিল পর্তুগিজ মিডফিল্ডারের। ডাগআউটে দাঁড়িয়ে থাকা পেপ গুয়ারদিওলাকেও ছুঁয়ে যায় আবেগ। স্প্যানিশ কোচের চোখেও দেখা যায় অশ্রু।
ম্যাচের ৬১তম মিনিটে সিটিকে আরও বড় ধাক্কা দেন অলি ওয়াটকিন্স। অফসাইডের ফাঁদ ভেঙে বল পেয়ে দ্রুত এগিয়ে যান তিনি। এরপর স্টোনসকে কাটিয়ে জোরালো শটে ভিলাকে এগিয়ে দেন এই ইংলিশ ফরোয়ার্ড।
৭৮তম মিনিটে আবারও আবেগঘন দৃশ্য দেখা যায় ইতিহাদে। বের্নার্দো সিলভার মতো করতালির মধ্য দিয়ে মাঠ ছাড়েন জন স্টোনসও। গত কয়েক বছরে ইংলিশ ফুটবলে সিটির আধিপত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ডিফেন্ডারের। এই ম্যাচ দিয়েই ইতিহাদ স্টেডিয়ামে তার পথচলারও ইতি ঘটে।
শেষদিকে সমতায় ফেরার আশা জাগিয়েছিলেন ফিল ফোডেন। ৮৯তম মিনিটে গতিময় শটে বল জালে পাঠান তিনি। তবে অফসাইডের কারণে গোল বাতিল করে দেন রেফারি। ভিএআরের রিপ্লেতে স্পষ্টভাবে বোঝা না গেলেও সিদ্ধান্ত বদলায়নি। সেই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ে স্বাগতিক সমর্থকেরা।
শেষ পর্যন্ত হার নিয়েই মৌসুম শেষ করে সিটি। ৩৮ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে তারা দ্বিতীয় স্থানে থেকে। একই সঙ্গে শেষ হলো পেপ গুয়ারদিওলার অত্যন্ত সফল এক অধ্যায়েরও।