চোটে বিশ্বকাপ পরিকল্পনাই বদলাচ্ছে আর্জেন্টিনা
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের আর মাত্র ১৮ দিন বাকি। তবে এর আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রক্ষণভাগ নিয়ে রীতিমতো বিপাকে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্ট। একের পর এক চোটে এবার চূড়ান্ত স্কোয়াডের পরিকল্পনাতেই পরিবর্তনের কথা ভাবছেন কোচ লিওনেল স্কালোনি।
এ নিয়ে আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছেন, বিশ্বকাপ স্কোয়াডে ৮ জনের বদলে ৯ জন ডিফেন্ডার রাখার কথা ভাবছেন স্কালোনি। মূলত রক্ষণভাগে চোট সমস্যা ক্রমেই বাড়ছে, এজন্যই এই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।
এর মধ্যে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ জেগেছে। হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ার পর থেকেই লড়াই করছেন। গত এপ্রিলে টটেনহামের হয়ে খেলতে গিয়ে সতীর্থ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে পড়ে ইনজুরিতে পড়েন এই সেন্টার-ব্যাক। তার পুনর্বাসন ঠিকভাবে এগোচ্ছে কিনা, তা দেখতে লন্ডনে গিয়েছিলেন আর্জেন্টিনার ফিজিওথেরাপিস্ট। বর্তমানে নিজ শহর কর্দোবাতে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন রোমেরো। এ ছাড়া রিভারপ্লেটের ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলও পেশির চোটে ভুগছেন। পাশাপাশি, তরুণ মিডফিল্ডার নিকো পাজও হাঁটুর সমস্যায় আছেন।
সবমিলিয়ে বিশ্বকাপের মতো দীর্ঘ ও কঠিন টুর্নামেন্টে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই স্কোয়াডে অতিরিক্ত একজন ডিফেন্ডার রাখার পরিকল্পনা করছে তারা।
বর্তমান চ্যাম্পিয়নরা এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তবে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই রক্ষণভাগে একের পর এক চোটের সমস্যা কোচিং স্টাফের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।