ঢাকায় পা রাখলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে সাবেক মার্কিন ফুটবলার থমাস ডুলির নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে সংস্থাটি। দায়িত্ব গ্রহণের পরপরই আজ শুক্রবার (২২ মে) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন এই আমেরিকান বংশোদ্ভূত জার্মান কোচ।
ঢাকায় পা রাখার মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলে শুরু হলো নতুন অধ্যায়। থমাস ডুলি খেলোয়াড়ি জীবনে ছিলেন আন্তর্জাতিক পর্যায়ের পরিচিত মুখ। ১৯৯৮ বিশ্বকাপে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কোচিং ক্যারিয়ারে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন।
বাংলাদেশের প্রধান কোচ হওয়ার দৌড়ে শুরুতে ওয়েলসের সাবেক ইউরোজয়ী কোচ ক্রিস কোলম্যানের নাম জোরালোভাবে শোনা গেলেও শেষ পর্যন্ত সেই আলোচনা বাস্তবে রূপ নেয়নি। বিভিন্ন যাচাই-বাছাই ও আলোচনার পর ডুলিকেই বেছে নেয় বাফুফে।
এদিকে নতুন কোচ নিয়োগকে ঘিরে দেশের ফুটবল অঙ্গনে সমর্থকদের আলোচনাও ছিল তুঙ্গে। গত দুই দিন ধরে একদল সমর্থক আরও হাইপ্রোফাইল কোচ আনার দাবিতে বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন। সেই ধারাবাহিকতায় আজ বেলা ১২টায় বাফুফের কর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ফুটবল সমর্থকদের।