হামজা-ফাহমিদুলদের কোচ হচ্ছেন টমাস ডুলি!
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ কে হচ্ছেন—এ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা ও জল্পনা। তবে সেই আলোচনায় এবার সবচেয়ে বেশি উচ্চারিত নাম টমাস ডুলি। গায়ানা জাতীয় দলের কোচের পদ থেকে হঠাৎ পদত্যাগ করার পর থেকেই জোরালো হয়েছে গুঞ্জন, হাভিয়ের কাবরেরার উত্তরসূরি হিসেবে বাংলাদেশের ডাগআউটে দেখা যেতে পারে জার্মান-মার্কিন এই কোচকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে নতুন কোচ নিয়োগের জন্য ১১ জনের একটি সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করেছে। এর ঠিক তিন দিন আগে, ১২ মে গায়ানার দায়িত্ব ছাড়েন টমাস ডুলি। সময়ের এই মিলকে কাকতালীয় হিসেবে দেখছেন না অনেকেই।
মাত্র ৯ মাস গায়ানার দায়িত্বে ছিলেন ডুলি। এই সময়ের মধ্যে দলকে অপরাজিত রেখেই তিনি পদত্যাগ করেন। বিদায়ের কারণ হিসেবে ‘নতুন চ্যালেঞ্জ’ নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। আর সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা—বাংলাদেশের প্রস্তাব কি তাহলে তাঁর সামনে বাস্তব রূপ নিয়েছে?
যদিও এখন পর্যন্ত নতুন কোচ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বাফুফে। তবে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম হিলটন বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি। তিনি বলেন, 'টমাস ডুলি আমাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন। এখন কোচ নিয়োগের বিষয়টি পুরোপুরি সভাপতি (তাবিথ আউয়াল) নিজেই দেখছেন। উনি নিজেই ঘোষণা দিবেন।'
৬৪ বছর বয়সী টমাস ডুলি খেলোয়াড়ি জীবনেই গড়েছেন সমৃদ্ধ ক্যারিয়ার। বুন্দেসলিগা ও উয়েফা কাপ জয়ী এই সাবেক ডিফেন্ডার আন্তর্জাতিক ফুটবলেও পরিচিত মুখ। কোচিং ক্যারিয়ারেও রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা। জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমানের সহকারী হিসেবেও কাজ করেছেন তিনি।
বিশেষ করে ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব পালনকালে তাঁর সাফল্য প্রশংসিত হয় ব্যাপকভাবে। তাঁর অধীনেই প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় ফিলিপাইন। এশিয়ান ফুটবল সম্পর্কে অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার দক্ষতা—এই দুই কারণেই ডুলিকে বাফুফের সম্ভাব্য পছন্দের তালিকায় এগিয়ে রাখা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে এমন একজন কোচ খুঁজছে, যিনি শুধু অভিজ্ঞই নন, এশিয়ার ফুটবল বাস্তবতা সম্পর্কেও সম্যক ধারণা রাখেন। সেই বিবেচনায় টমাস ডুলির নাম বেশ গুরুত্ব পাচ্ছে।
তবে তাঁর কোচিং ক্যারিয়ার পুরোপুরি বিতর্কমুক্ত নয়। গায়ানার দায়িত্বে থাকাকালে স্থানীয় কিছু খেলোয়াড়ের সঙ্গে মতবিরোধ ও দ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। যদিও তাঁর শৃঙ্খলাবোধ ও পেশাদারিত্ব নিয়ে প্রশংসাও রয়েছে ফুটবল অঙ্গনে।
বাফুফের শর্টলিস্টে থাকা অন্য ১০ জন প্রার্থীর নাম এখনো প্রকাশ করা হয়নি। কিন্তু ডুলির আকস্মিক পদত্যাগের পর বাংলাদেশের ফুটবল মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই প্রশ্ন—টমাস ডুলিই কি হচ্ছেন বাংলাদেশের পরবর্তী হেড কোচ, নাকি শেষ মুহূর্তে অপেক্ষা করছে নতুন কোনো চমক?