২১ মে ২০২৬, ২১:০৯

সাদিও মানেকে নিয়ে বিশ্বকাপে সেনেগাল

সাদিও মানে  © সংগৃহীত

তারকা ফরোয়ার্ড সাদিও মানেকে নিয়েই বিশ্বকাপে শক্তিশালী ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে সেনেগাল। আল নাসরের এই ফরোয়ার্ডকে ঘিরেই মূলত আক্রমণভাগ সাজিয়েছে আফ্রিকান দলটি, যেখানে অভিজ্ঞতা ও তরুণদের মিশেলে গড়া হয়েছে ভারসাম্যপূর্ণ স্কোয়াড।

২০২২ কাতার বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও হাঁটুর চোটের কারণে শেষ পর্যন্ত মাঠে নামতে পারেননি মানে। তবে এবার পুরোপুরি ফিট হয়ে তিনি আবারও জাতীয় দলের মূল ভরসা হয়ে ফিরেছেন। লিভারপুল ও বায়ার্ন মিউনিখের সাবেক এই তারকা শুধু গোলই করেন না, নেতৃত্ব দিয়েও দলকে এগিয়ে নেন।

এর আগে আফ্রিকা কাপ অব নেশনসের একটি বিতর্কিত ফাইনালে মরক্কোর বিপক্ষে স্টপেজ টাইমের পেনাল্টি সিদ্ধান্তকে কেন্দ্র করে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে গেলে, মানে সতীর্থদের আবারও খেলায় ফেরার আহ্বান জানান। পরে অতিরিক্ত সময়ে পাপে গেয়ের গোলের পর সেনেগাল জয় পেলেও ম্যাচের ফল নিয়ে বিতর্ক তৈরি হয় আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর সিদ্ধান্তে।

জানা গেছে, চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণার আগে এই ২৮ জনের স্কোয়াড থেকে দুজনকে বাদ দেবেন কোচ পাপে থিয়া।

সেনেগালের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক- এদুয়ার্দ মান্দি, ইভান দিয়ুফ, মোরি দিয়াও।

ডিফেন্ডার- ক্রেপিন দিয়াতা, অঁতোয়ান মান্দি, আবদুলায়ে সেক, কালিদু কুলিবালি, ইলায়ে কামারা, মুসা নিয়াখাতে, মামাদু সার, এল-হাজি মালিক দিয়ুফ, মুস্তাফা মবু, ইসমাইল জাকোবস।

মিডফিল্ডার- ইদ্রিসা গেয়ে, হাবিব দিয়ারা, পাপে মাতার সার, পাপে গেয়, লামিন কামারা, পাতেহ সিস, বারা ন্দিয়ে।

ফরোয়ার্ড- সাদিও মানে, বাম্বা দিয়েং, ইলিমান ন্দিয়ে, নিকোলাস জ্যাকসন, অসানে দিয়াও, ইব্রাহিম মবায়ে, শেরিফ ন্দিয়ে, ইসমাইলা সার।

প্রসঙ্গত, সেনেগাল বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন নরওয়ে এবং ২৬ জুন ইরাকের বিপক্ষে মাঠে নামবে তারা।