নয়্যারকে রেখে জার্মানির বিশ্বকাপ দল ঘোষণা
দীর্ঘদিন পর আবারও জাতীয় দলে ফিরলেন ম্যানুয়েল নয়্যার। অভিজ্ঞ এই গোলরক্ষককে নিয়েই ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন ৪০ বছর বয়সী নয়্যার।
এমনকি গত মাসেও তিনি জানিয়েছিলেন, জাতীয় দলে ফেরার কোনো ইচ্ছা নেই। কিন্তু বিশ্বকাপের আগে হঠাৎ করেই সিদ্ধান্ত বদলান কোচ জুলিয়ান নাগেলসমান। অভিজ্ঞতার কথা বিবেচনায় এনে আবারও দলে জায়গা করে দেন জার্মানির সাবেক অধিনায়ককে।
শুধু নয়্যারই নন, স্কোয়াডে জায়গা পেয়েছেন সমালোচিত ফরোয়ার্ড লেরয় সানেও। এছাড়া মিডফিল্ড ও আক্রমণভাগে আস্থা রাখা হয়েছে ফ্লোরিয়ান ভার্টজ, কাই হাভার্টজ ও পাসকাল গ্রসের ওপর। রক্ষণে আছেন মালিক থিয়াও। তরুণ ফুটবলার লেনার্ট কার্লকে দলে নেওয়াও চমক হিসেবে দেখছেন অনেকে।
তবে চোটের কারণে বিশ্বকাপ মিস করতে হচ্ছে সার্জ নাব্রিকে। পাশাপাশি চূড়ান্ত দলে জায়গা হয়নি করিম আদেয়েমি, ক্রিস ফুহরিচ ও রবার্ট অ্যান্ডরিচের।
বিশ্বকাপের মঞ্চে নিজেদের হারানো গৌরব ফিরে পেতে মরিয়া জার্মানি। ২০১৪ সালে শিরোপা জয়ের পর টানা দুই বিশ্বকাপে হতাশ করেছে দলটি। ২০১৮ ও ২০২২ দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তাই এবার নতুন পরিকল্পনা ও অভিজ্ঞ-তরুণের মিশেলে দল সাজিয়েছে নাগেলসমান।
জার্মানির বিশ্বকাপ দল
গোলরক্ষক- ম্যানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেক্সান্ডার ন্যুবেল
ডিফেন্ডার- জশুয়া কিমিখ, নিকো শ্লটারবেক, ডেভিড রাউম, জনাথন তাহ, ভালডেমার আন্তন, আন্তোনিও রুডিগার, নাথানিয়েল ব্রাউন, মালিক থিয়াও
মিডফিল্ডার- জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ, লেনার্ট কার্ল, অ্যাঞ্জেলো স্টিলার, আলেকসান্দার পাভলোভিচ, লিওন গোরেৎজকা, লেরয় সানে, ফেলিক্স এনমেচা, নাদিয়েম আমিরি, পাসকাল গ্রস
ফরোয়ার্ড- কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, জেমি লেভেলিং, নিক ভোল্টেমাডে, ম্যাক্সিমিলিয়ান বেয়ার।
প্রসঙ্গত, আগামী ১৪ জুন হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে জার্মানি। গ্রুপ ‘ই’-তে তাদের অন্য প্রতিপক্ষ আইভরি কোস্ট ও ইকুয়েডর। এর আগে প্রস্তুতি ম্যাচে ৩১ মে ফিনল্যান্ড এবং ৬ জুন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে জার্মানরা।