২১ মে ২০২৬, ১৬:২২

বিশ্বকাপে আর্জেন্টিনার চূড়ান্ত দলে থাকতে পারে ২ চমক

এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে   © সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ মহোৎসব শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি। কিন্তু বিশ্বমঞ্চে লড়াইয়ের আগে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড কেমন হবে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের পারদ এখন তুঙ্গে। ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতারে শিরোপা উল্লাসে মাতা দলটি এবার শিরোপা ধরে রাখার কঠিন মিশনে নামবে। সেই লক্ষ্যে এখন থেকেই চুলচেরা বিশ্লেষণের মধ্যে দিয়ে স্কোয়াড নিয়ে বড়সড় সব সিদ্ধান্ত নিতে শুরু করেছেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি।

ফিফার নিয়ম অনুযায়ী, প্রাথমিক ৫৫ সদস্যের বিশাল তালিকা থেকে ধাপে ধাপে খেলোয়াড় কমিয়ে আনার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সর্বশেষ খবর, আপাতত ৩৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করতে যাচ্ছেন কোচ স্ক্যালোনি। সেই তালিকায় আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় দুটি চমক থাকতে পারে। চূড়ান্ত স্কোয়াড বিবেচনায় সেখানেও ডাক পেতে পারেন ফরোয়ার্ড এমিলিয়ানো বুয়েন্দিয়া ও উইঙ্গার মাতিয়াস সুলে।

যদিও দীর্ঘদিন ধরেই জাতীয় দলের মূল পরিকল্পনার বাইরে ছিলেন এই দুই তরুণ ও প্রতিভাবান ফুটবলার। তবে চলতি মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সে আবারও লাইমলাইটে এসেছেন। জানা গেছে, স্ক্যালোনিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্সে বেশ মুগ্ধ। তাই, শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে তাদের দেখা গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।

চলতি মৌসুমে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে মাঠ মাতাচ্ছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচে ১১টি গোলের পাশাপাশি ৯টি গোল অ্যাসিস্টে নাম তুলেছেন। বিশেষ করে বুধবার (২০ মে) রাতেই ক্লাবটির ইউরোপা লিগের ঐতিহাসিক ফাইনালে এক গোল ও অ্যাসিস্ট করে ভিলাকে চ্যাম্পিয়ন বানাতে অনন্য ভূমিকা রাখেন তিনি।

অন্যদিকে, ইতালিয়ান সিরি-আ'র ঐতিহ্যবাহী ক্লাব রোমার হয়ে দুর্দান্ত আলো ছড়াচ্ছেন আরেক আর্জেন্টাইন মাতিয়াস সুলে। চলতি মৌসুমে রোমার জার্সিতে ৪১ ম্যাচে ৭টি গোল এবং ৮টি অ্যাসিস্ট করেছেন এই তরুণ।

উল্লেখ্য, শিরোপা ধরে রাখার মিশনে এবার ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে আগামী ১৬ জুন কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ছাড়া ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে লিওলেন মেসির দল। 

যদিও বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। যেখানে ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাস এবং ৯ জুন অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।