২১ মে ২০২৬, ১৪:১৭

মার্তিনেজের বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা

এমিলিয়ানো মার্তিনেজ  © সংগৃহীত

অ্যাস্টন ভিলাকে উয়েফা ইউরোপা লিগের শিরোপা জেতানোর আনন্দের মাঝেই আর্জেন্টিনা শিবিরে দুশ্চিন্তার খবর দিলেন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে ফাইনাল ম্যাচের ওয়ার্মআপে হাতের আঙুলে গুরুতর চোট পান এই আর্জেন্টাইন গোলরক্ষক। পরে পরীক্ষায় জানা যায়, তার একটি আঙুল ভেঙে গেছে।

তবে চোট ও তীব্র ব্যথাকে উপেক্ষা করেই পুরো ম্যাচ খেলেন মার্তিনেজ। তার অসাধারণ দৃঢ়তা ও দুর্দান্ত গোলকিপিংয়ে ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপা লিগের ট্রফি জিতে নেয় অ্যাস্টন ভিলা।

বুধবার (২০ মে) দিবাগত রাতে তুরস্কের ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত ফাইনালে জার্মান ক্লাব এসসি ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অ্যাস্টন ভিলা। পুরো ম্যাচে ভাঙা আঙুল নিয়েও কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেন ‘দিবু’ মার্তিনেজ এবং দলকে উপহার দেন দারুণ এক ক্লিনশিট। ম্যাচ শেষে প্রকাশ পায়, কিকঅফের আগেই এই অনাকাঙ্ক্ষিত চোটে পড়েছিলেন তিনি।

ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চোটের ভয়াবহতা নিয়ে মার্তিনেজ বলেন, ‘আজ আমরা যা অর্জন করেছি, সেটা সত্যিই অসাধারণ। ম্যাচের আগে ওয়ার্মআপের সময় আমার আঙুল ভেঙে যায়। জীবনে আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হইনি। বল ধরতে গেলেই আঙুলটা অন্যদিকে সরে যাচ্ছিল। কিন্তু আমি এটাকে নেতিবাচকভাবে নেইনি। ফুটবলে এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের যেতে হয়।’

জানা গেছে, ওয়ার্মআপের সময় চোট পাওয়ার পর চিকিৎসকদের সহায়তায় কিছুক্ষণ মাঠের বাইরে ছিলেন মার্তিনেজ। পরে আঙুলে বিশেষ ব্যান্ডেজ বেঁধেই মাঠে ফেরেন এবং কিকঅফের সময় ঠিকই গোলপোস্টের নিচে এসে দাঁড়ান। মাঠে তার এই উপস্থিতি দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। ইউরি টিলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্সের গোলে এক ঘণ্টার মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভিলা।

তবে ইউরোপা লিগ জয়ের আনন্দ ছাপিয়ে এখন বড় প্রশ্ন, আগামী জুনে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের একদম আগমুহূর্তে আঙুল ভেঙে যাওয়ায় আর্জেন্টিনার হয়ে লে আলবিসেলেস্তেদের গোলপোস্ট সামলানো নিয়ে স্বাভাবিকভাবেই শঙ্কায় পড়ে গেছেন বিশ্বজুড়ে থাকা কোটি ভক্ত। 

অবশ্য নিজের এই চোট নিয়ে খুব একটা চিন্তিত নন খোদ বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। হাসিমুখেই শঙ্কার কথা উড়িয়ে দিয়ে মার্তিনেজ বলেন, ‘ইউরোপা জিতে আমি ভীষণ খুশি। এখন সময় সতীর্থদের সঙ্গে ঐতিহাসিক এই জয় উদযাপন করার। এই ক্লাবের সমর্থকরা অনেক দিন এমন আনন্দ পায়নি। এই উদযাপনের পর আমার পুরো মনোযোগ থাকবে বিশ্বকাপে।’