আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা কবে?
বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ধরে রাখতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা। ফিফার কাছে ইতোমধ্যেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডও জমা দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে ফুটবলপ্রেমীদের মনে ঘুরেফিরে একটাই প্রশ্ন, কবে ঘোষণা করা হবে লে আলবিসেলেস্তেদের চূড়ান্ত বিশ্বকাপ দল?
এক প্রতিবেদনে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী ৩০ মে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করেছে ফিফা। তবে তার আগেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী দল গুছিয়ে নিচ্ছেন স্ক্যালোনি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫ মে থেকে বুয়েন্স আয়ার্সের এজেইজায় অবস্থিত লিওনেল মেসি ট্রেনিং সেন্টারে আলবিসেলেস্তেদের প্রস্তুতি ক্যাম্প শুরু হতে পারে। চূড়ান্ত দল ঘোষণার আগে সেখানে অতিরিক্ত কয়েকজন খেলোয়াড়কে নিয়ে বিশেষ অনুশীলনের পরিকল্পনা আছে কোচের।
এদিকে পূর্বঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে ইতোমধ্যেই ২০ জন খেলোয়াড়কে বাদ দিয়েছে আর্জেন্টিনা। ৫৫ জনের প্রাথমিক তালিকাকে কমিয়ে ৩৫ জনে নামিয়ে এনেছেন কোচ। ধাপে ধাপে দল গঠনের কাজও এগিয়ে নিচ্ছেন তিনি। তবে
টাইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, ইতোমধ্যে প্রাথমিক তালিকা থেকে প্রায় ২০ জন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। তিনি নিজের এক্স (X) অ্যাকাউন্টে জানান, ‘আর্জেন্টিনা জাতীয় দল প্রায় ৩৫ জন খেলোয়াড়কে চূড়ান্ত করেছে এবং ইউরোপের ক্লাবগুলোকেও বিষয়টি জানানো হয়েছে। সবাইকে আর্জেন্টিনায় আনা হবে না।’
তিনি আরও জানান, কোচিং স্টাফ বর্তমানে দেশেই অবস্থান করছেন এবং এই সপ্তাহের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
মূলত সম্ভাব্য চোট কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা মাথায় রেখেই ২৬ সদস্যের বাইরে আরও কিছু ফুটবলারকে ক্যাম্পে রাখতে চান স্ক্যালোনি। ধারণা করা হচ্ছে, ২৫ মে’র পর যেকোনো সময় আর্জেন্টিনার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, শিরোপা ধরে রাখার মিশনে এবার ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। এর মধ্যে আগামী ১৬ জুন কানসাসের অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে অভিযান শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ ছাড়া ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে লিওলেন মেসির দল।
যদিও বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে যুক্তরাষ্ট্রে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। যেখানে ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাস এবং ৯ জুন অ্যালাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়নরা।