২১ মে ২০২৬, ১১:০০

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ ২০ খেলোয়াড়

লিওনেল স্কালোনি   © টিডিসি ফটো

আর্জেন্টিনা তাদের পূর্বঘোষিত প্রাথমিক স্কোয়াড থেকে ২০ জন খেলোয়াড়কে বাদ দিয়েছে। ৫৫ জনের প্রাথমিক তালিকাকে কমিয়ে ৩৫ জনে নামিয়ে এনেছেন কোচ লিওনেল স্কালোনি। ধাপে ধাপে দল গঠনের কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। তবে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা কবে করা হবে তা এখনও জানাননি। খবর স্পানিশ দৈনিক মার্কা নিউজ। 

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে পরিকল্পনা শুরু করেছেন মাস্টারমাইন্ড কোচ স্কালোনি। পরিকল্পনার অংশ হিসেবেই ৫৫ জনের প্রাথমিক তালিকা থেকে এখন ৩৫ জনকে চূড়ান্তভাবে বিবেচনায় রাখা হয়েছে।

টাইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, ইতোমধ্যে প্রাথমিক তালিকা থেকে প্রায় ২০ জন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। তিনি নিজের এক্স (X) অ্যাকাউন্টে জানান, ‘আর্জেন্টিনা জাতীয় দল প্রায় ৩৫ জন খেলোয়াড়কে চূড়ান্ত করেছে এবং ইউরোপের ক্লাবগুলোকেও বিষয়টি জানানো হয়েছে। সবাইকে আর্জেন্টিনায় আনা হবে না।’ 

তিনি আরও জানান, কোচিং স্টাফ বর্তমানে দেশেই অবস্থান করছেন এবং এই সপ্তাহের মধ্যেই বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দলে জায়গা পাওয়ার প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। অভিজ্ঞ তারকা লিওনেল মেসিকে কেন্দ্র করে বিশ্ব চ্যাম্পিয়নদের মূল শক্তি গঠিত হলেও তরুণ ও পরীক্ষাধীন খেলোয়াড়দের জন্য এখনো সুযোগ রয়েছে।

প্রাথমিক তালিকা থেকে যেসব বিশ্বকাপজয়ী খেলোয়াড় বাদ পড়েছেন তাদের মধ্যে রয়েছেন পাউলো দিবালা, আলেহান্দ্রো গোমেজ, হুয়ান ফয়থ এবং অ্যাঞ্জেল কোরেয়া। এদের মধ্যে কারও ক্ষেত্রে চোট, আবার কারও ক্ষেত্রে ফর্মের ঘাটতি কারণ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া ফ্রাঙ্কো আরমানি এবং অ্যাঞ্জেল দি মারিয়া ইতোমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।

বিশ্বকাপের চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ মে (শনিবার)। এরপরই চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা।

মাঠে নামার আগে দলটি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ৬ জুন যুক্তরাষ্ট্রের টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা থাকবে গ্রুপ জে-তে। তারা প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে। এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৭ জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে।