২০ মে ২০২৬, ২২:৩০

কে হতে যাচ্ছেন ম্যানসিটির পরবর্তী কোচ?

কোলাজ ছবি   © টিডিসি ফটো

দীর্ঘ এক দশকের সফল অধ্যায়ের ইতি টেনে চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির (ম্যানসিটি) দায়িত্ব ছাড়ছেন স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। ক্লাব কর্তৃপক্ষকে তিনি ইতোমধ্যে তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

গার্দিওলার এই বিদায়ের পর ইতিহাদের ক্লাবটির পরবর্তী ম্যানেজার কে হতে যাচ্ছেন, তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে জোর গুঞ্জন। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে মূলত দুটি নাম আলোচনায় রয়েছে—গার্দিওলার সাবেক সহকারী এনজো মারেস্কা এবং ক্লাবের কিংবদন্তি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি।

তবে বিভিন্ন গণমাধ্যমের দাবি, হাই-প্রোফাইল বা বিশ্বখ্যাত না হলেও ক্লাবের ফুটবল দর্শন ও রণকৌশল সম্পর্কে খুব ভালো ধারণা থাকা ইতালিয়ান কোচ মারেস্কার সঙ্গেই তিন বছরের চুক্তি সারতে যাচ্ছে সিটি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল ও খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো গার্দিওলার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোমানো লিখেছেন, 'পেপ গার্দিওলা আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটিকে জানিয়ে দিয়েছেন, তিনি ক্লাব ছাড়ছেন। গার্দিওলা তার সিদ্ধান্ত চূড়ান্ত করে ম্যানচেস্টার সিটিকে নিশ্চিত করেছেন।'

আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের পরই সিটির সঙ্গে তার পথচলার সমাপ্তি ঘটবে এবং ক্লাবটি ইতোমধ্যে তাদের বাণিজ্যিক অংশীদারদেরও বিষয়টি জানাতে শুরু করেছে।

২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর গার্দিওলার অধীনে ম্যানসিটি ২০টি শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, ৩টি এফএ কাপ, ৫টি লিগ কাপ এবং প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বিশেষ করে টানা চারটি প্রিমিয়ার লিগ ও ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জয়ের রেকর্ড গড়ে তিনি ইতিহাসে নাম লেখান। গত শনিবার ওয়েম্বলিতে চেলসিকে ১-০ গোলে হারিয়ে আরও একটি শিরোপা জিতেছে সিটি, যা তার শেষ ট্রফি হতে পারে। 

বিদায়ী এই কোচকে শ্রদ্ধা জানাতে সোমবার ম্যানচেস্টারে একটি বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে পুরুষ, নারী ও একাডেমির খেলোয়াড়রা ওপেন-টপ বাসে গার্দিওলার সঙ্গে অংশ নেবেন।

নতুন ম্যানেজার হিসেবে যার নাম সবচেয়ে এগিয়ে, সেই এনজো মারেস্কা ২০২২-২৩ মৌসুমে সিটির ট্রেবলজয়ী কোচিং স্টাফে গার্দিওলার সহকারী ছিলেন এবং ক্লাবের একাডেমিতেও কাজ করেছেন। পরবর্তীতে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনা এবং চেলসির হয়ে উয়েফা কনফারেন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা মারেস্কা মূলত গার্দিওলারই অন্যতম শীর্ষ শিষ্য। তিনি অনেকটা মিকেল আরতেতার পথই অনুসরণ করছেন, যিনি সিটির কোচিং স্টাফ থেকে গিয়ে এখন আর্সেনালকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

তবে মারেস্কাকে নিয়োগ দেওয়ার পেছনে কিছুটা ঝুঁকিও দেখছেন বিশ্লেষকরা। দশ বছর আগে গার্দিওলা যে আকাশচুম্বী খ্যাতি নিয়ে এসেছিলেন, মারেস্কার ক্ষেত্রে তেমনটা নেই। তাছাড়া ফুটবল ইতিহাসের অন্যতম কঠিন এক লিগ্যাসি টেনে নেওয়ার এই গুরুদায়িত্ব ছাড়াও মারেস্কা কিছুটা ক্ষ্যাপাটে স্বভাবের বলে পরিচিত। 

১৮ মাস দায়িত্ব পালনের পর চেলসির প্রধান কোচের পদ থেকে সম্প্রতি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তার সম্পর্কের ইতি ঘটেছে। চেলসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, 'চেলসি ফুটবল ক্লাব ও প্রধান কোচ এনজো মারেস্কার মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কের ইতি টানা হয়েছে।'

স্ট্যামফোর্ড ব্রিজে মারেস্কা মোট ৯২টি ম্যাচে কোচের ভূমিকা পালন করে দুটি শিরোপা জেতালেও তার বল পজিশন ভিত্তিক খেলার কৌশল চেলসি সমর্থকদের পুরোপুরি মন জয় করতে পারেনি। চেলসি ছাড়ার সময় লিগ টেবিলে দলটির অবস্থান ছিল পঞ্চম এবং শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা ১৫ পয়েন্টে পিছিয়ে ছিল। শেষ ৭ ম্যাচে তারা জয় পেয়েছিল মাত্র একটিতে। 

তা সত্ত্বেও সিটি বোর্ড তাকেই প্রধান বিবেচনা করছে এবং চুক্তি সম্পন্ন হওয়ার জোর গুঞ্জন রয়েছে। মারেস্কার পাশাপাশি বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ক্লাব কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানিকেও, যিনি বর্তমানে বায়ার্ন মিউনিখের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদায়ের পর গার্দিওলা ভবিষ্যতে ক্লাবের অন্য কোনো ভূমিকায় থাকতে পারেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।