শুরুতেই বড় ধাক্কা খেল স্পেন
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্পেন। চোটের কারণে আসন্ন বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তরুণ মিডফিল্ডার ফের্মিন লোপেস। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তিনি।
গত রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচে বার্সেলোনার এই মিডফিল্ডার চোট পান। ম্যাচে ৩-১ গোলে জয় পেলেও সেই ম্যাচেই বড় ক্ষতি হয়ে যায় ক্লাব ও জাতীয় দলের জন্য। পরে জানা যায়, তার বাঁ পায়ের পঞ্চম মেটাটারসালে চিড় ধরেছে এবং অস্ত্রোপচার প্রয়োজন।
পরদিন বার্সেলোনা ক্লাবের পক্ষ থেকেও তার চোটের বিষয়টি নিশ্চিত করা হয়। পরে সফল অস্ত্রোপচারের পর বুধবার ইনস্টাগ্রামে নিজের অবস্থার কথা জানান ২৩ বছর বয়সী এই ফুটবলার। তিনি বলেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার জন্য মুখিয়ে আছি। জীবন ও ফুটবল কখনও কখনও এমন সময়ে নিষ্ঠুর রূপ নেয়, যখন সেটা ধারণায়ও থাকে না কিংবা আপনার সেটা প্রাপ্যও নয়।’
তিনি আরও বলেন, ‘তবে মেনে নিতে হবে যে, এটাও যাত্রাপথের একটি অংশ। এটা আমার জন্য খুব কঠিন সময় এবং ক্যারিয়ারে আরও একটি চ্যালেঞ্জ, যা নিশ্চিতভাবেই আমি কাটিয়ে উঠব। এখন ঘরে বসে জাতীয় দল এবং আমার সতীর্থদের সমর্থন করার সময়।’
২০২৪ সালে জাতীয় দলে অভিষেকের পর এখন পর্যন্ত স্পেনের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন লোপেস। সম্প্রতি সার্বিয়া ও মিশরের বিপক্ষে জাতীয় দলের ম্যাচেও ছিলেন তিনি। বিশ্বকাপে জায়গা পাওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছিল, কিন্তু চোট সেই স্বপ্ন ভেঙে দিয়েছে।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন লোপেস। লা লিগায় ৩০ ম্যাচে করেছেন ৬ গোল ও ৯ অ্যাসিস্ট। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে তার গোল ১৩টি এবং অ্যাসিস্ট ১৭টি।
আগামী সোমবার বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সেখানে লোপেসের জায়গা পাওয়ার সম্ভাবনা ছিল বলেই ধারণা করা হচ্ছিল।
২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘এইচ’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।