নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
চোট আর অনিয়মিত ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে শঙ্কার মধ্যে থাকলেও শেষ পর্যন্ত ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং ড্রেসিংরুমে ইতিবাচক পরিবেশ তৈরির সক্ষমতার কারণেই তাকে দলে রাখা হয়েছে।
সোমবার রাতে ঘোষিত ২৬ সদস্যের ব্রাজিল স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি ছিল সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি। কয়েকদিন আগেও অনেক বিশ্লেষক ও সাবেক ফুটবলার তার বিশ্বকাপে সুযোগ পাওয়াকে প্রায় অসম্ভব বলে মনে করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কোচ আনচেলত্তির আস্থাই জিতেছে এই তারকা ফরোয়ার্ড।
১২৮ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। আগামী জুন–জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্ব আসর। প্রায় আড়াই বছর পর তিনি জাতীয় দলে ফিরেছেন।
২০২৩ সালের অক্টোবরে বাম পায়ের গুরুতর চোটে পড়ার পর থেকেই নিয়মিত মাঠের বাইরে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপরও চলতি বছরে সান্তোসের হয়ে ৩১ ম্যাচের মধ্যে ১৫টিতে মাঠে নেমে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি।
রিও ডি জেনিরোতে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'সে তার ফিটনেসের উন্নতি করেছে। এবারের বিশ্বকাপে সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে।'
তিনি আরও যোগ করেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচ পর্যন্ত তার ফিটনেস আরও উন্নত করার সুযোগ আছে। এই ধরনের প্রতিযোগিতায় তার বিশাল অভিজ্ঞতা রয়েছে। সে দলের সবার ভালোবাসার পাত্র এবং দলের ভেতর সে দারুণ একটি পরিবেশ তৈরি করতে পারবে।'
৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন। দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম তিনি নেইমারকে দলে রাখলেন, এর আগে ফিটনেস ইস্যুর কারণে তাকে বিবেচনা করেননি।
বিশ্বকাপ মঞ্চে নেইমারের পারফরম্যান্সও নজরকাড়া। ১৩ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট রয়েছে তার। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে তিনি ২ গোল ও ১ অ্যাসিস্ট করেছিলেন।
এবারের ২৬ সদস্যের দলে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া আক্রমণের মূল ভরসা হিসেবে আছেন। তবে চোটের কারণে দলে নেই রিয়াল মাদ্রিদের রদ্রিগো ও চেলসির এস্তেভাও।