১৯ মে ২০২৬, ০৭:৪৩

স্বর্ণ যুগ কাটিয়ে ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা

পেপ গার্দিওলা   © টিডিসি ফটো

দীর্ঘ এক দশকের সফল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন পেপ গার্দিওলা। মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত ক্লাবকে ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন স্প্যানিশ এই কোচ। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল।

খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 'পেপ গার্দিওলা আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটিকে জানিয়ে দিয়েছেন, তিনি ক্লাব ছাড়ছেন।

গার্দিওলা তার সিদ্ধান্ত চূড়ান্ত করে ম্যানচেস্টার সিটিকে নিশ্চিত করেছেন। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

শেষ হতে যাচ্ছে এক কিংবদন্তি অধ্যায়ের।'

রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচের পরই সিটির সঙ্গে গার্দিওলার পথচলার সমাপ্তি ঘটবে বলে জানা গেছে। ক্লাবটির বাণিজ্যিক অংশীদারদেরও বিষয়টি জানানো শুরু করেছে ম্যানচেস্টার সিটি।

২০১৬ সালে সিটির দায়িত্ব নেওয়ার পর ইংলিশ ফুটবলে আধিপত্যের নতুন যুগ শুরু করেন গার্দিওলা। তার অধীনে ক্লাবটি জিতেছে ২০টি শিরোপা। এর মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, ৩টি এফএ কাপ, ৫টি লিগ কাপ এবং প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।

বিশেষ করে টানা চারটি প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ড গড়ে ইতিহাসে নাম লেখান এই স্প্যানিশ কোচ। ইংল্যান্ডের শীর্ষ লিগে এমন কীর্তি আর কোনো কোচের নেই। ২০২২-২৩ মৌসুমে ট্রেবল জিতে ইউরোপীয় ফুটবলেও নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি।

শনিবার ওয়েম্বলিতে চেলসিকে ১-০ গোলে হারিয়ে আরও একটি শিরোপা জিতেছে সিটি। সেটিই গার্দিওলার শেষ ট্রফি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গার্দিওলার বিদায় উপলক্ষে সোমবার ম্যানচেস্টারে বিশেষ শোভাযাত্রার আয়োজন করেছে ক্লাবটি। নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ইতিহাদ স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। সেখানে সমর্থকেরা বিদায়ী এই কোচকে শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।

ম্যানচেস্টার সিটির পুরুষ দল, নারী দল এবং একাডেমির খেলোয়াড়রাও ওপেন-টপ বাসে গার্দিওলার সঙ্গে অংশ নেবেন বলে জানা গেছে।

গার্দিওলার উত্তরসূরি হিসেবে আলোচনায় রয়েছে দুটি নাম। এর মধ্যে এগিয়ে আছেন এনজো মারেস্কা। ২০২২-২৩ মৌসুমে ট্রেবলজয়ী সিটির কোচিং স্টাফে গার্দিওলার সহকারী ছিলেন তিনি। পরে লেস্টার সিটি ও চেলসির দায়িত্ব পালন করে প্রিমিয়ার লিগে অভিজ্ঞতাও অর্জন করেছেন এই ইতালিয়ান কোচ।

অন্যদিকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ক্লাব কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানিকেও। বর্তমানে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই সিটি অধিনায়ক।

যদিও গার্দিওলার বর্তমান চুক্তির এখনও এক বছর বাকি রয়েছে। তবে ভবিষ্যতে তিনি ক্লাবে অন্য কোনো ভূমিকায় থাকতে পারেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।