হেক্সা মিশনে নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
বিশ্বকাপে নেইমারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে কয়েক মাস ধরেই চলছিল নানা আলোচনা। চোট, অস্ত্রোপচার ও ফিটনেস নিয়ে অনিশ্চয়তার মধ্যেই অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র।
রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আজ দল ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেখানে সবচেয়ে প্রতীক্ষিত নাম ছিল নেইমারের। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম ঘোষণা হতেই মিলনায়তনে করতালির ঝড় ওঠে।
২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। ফিটনেস ও ফর্ম নিয়ে সংশয়ের কারণে গত মার্চে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেও তাকে দলে নেননি আনচেলত্তি।
তবে সৌদি আরবের অধ্যায় শেষ করে গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর নিজেকে নতুন করে ফিরে পান ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সান্তোসের জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েই বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করেন তিনি।
এটি হবে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন তিনি। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন, এদেরসন, ওয়েভারতন।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল, রজার ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিওস, ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।