কাঁদলেন নেইমার
নেইমার; শুধু ব্রাজিল নয়, গোটা ফুটবলের পোস্টার বয় তিনি। নানা ঘটনাপ্রবাহে নিজেকে শক্ত রাখা এখন তার জন্য এখন অনেকটাই কঠিন। সোমবার (১৮ মে) ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে সিরি আ’তে করিতিবা ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের জাতীয় সংগীত চলাকালে কান্নায় ভেঙে পড়েন এই তারকা ফুটবলার। এটি এমন এক সময়ের ঘটনা যখন ব্রাজিল জাতীয় দলের ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে চলেছে এবং তাতে নেইমারের দলে থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে প্রবল চাপ ও প্রত্যাশার মধ্যেই রয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
ভিলা বেলরিমো স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মেয়েকে কোলে নিয়ে জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে ছিলেন নেইমার। তখন তাকে চোখের পানি মুছতে দেখা যায়। ক্যারিয়ারের শুরু হওয়া ক্লাবের মাঠে এমন আবেগঘন দৃশ্য অনেক সমর্থককেই নাড়া দিয়েছে।
দীর্ঘ সময় সমালোচনার মুখে থাকা নেইমারের জন্য এটি ছিল ব্যক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। কারণ সোমবারই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন।
যদিও শেষ পরীক্ষার ম্যাচে নেইমার দলকে জেতাতে পারেননি। করিতিবার কাছে ৩-০ গোলে হেরে যায় সান্তোস। তবে ম্যাচের আগে তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই এটিকে ব্রাজিলের জার্সিতে আরেকবার বিশ্বমঞ্চে ফেরার প্রবল আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখছেন।
নেইমার কি দলে থাকছেন?
আসন্ন বিশ্বকাপের জন্য আজই (১৮ মে) ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তবে দল ঘোষণার আগে দেশটি জুড়ে আলোচনায়, দ্য গ্রেটেস্ট শো অন আর্থে এবার কি নেইমার জুনিয়রকে দেখা যাবে কিনা। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সেলেসাওদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৭৯টি)। তবে চোট আর অফফর্মের কারণে তাকে বিবেচনায় রাখছেন না ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। সবমিলিয়ে বাংলাদেশ সময় রাত ২টায় সান্তোসের ‘রাজপুত্রের’ কোটি ফুটবল ভক্তের বুক দুরুদুরু করা সেই অন্তহীন অপেক্ষার অবসান ঘটছে।
সব প্রতিকূলতা পেরিয়ে নেইমার কি তার ‘ওয়ান লাস্ট ড্যান্স’র বিশ্বকাপ টিকিট পাচ্ছেন, নাকি মাঠের বাইরের হিসাব-নিকাশেই শেষ হচ্ছে তার স্বপ্ন? শেষ পর্যন্ত যদি এই মহোৎসবের বিশ্বমঞ্চে তাকে ছাড়াই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নামতে হয়, তাহলে কী করবেন তিনি? রবিবার (১৭ মে) সান্তোসের ম্যাচ শেষে সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা নিজেই সংক্ষিপ্ত কিন্তু পরিণত এক বার্তা দিয়েছেন।
বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পাওয়া নিয়ে বেশ বাস্তববাদী ও বিনয়ী অবস্থানই নিচ্ছেন নেইমার। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের দাবি, জাতীয় দলে বিবেচনার যোগ্য হতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তবে শেষ পর্যন্ত দলে তিনি থাকবেন কি না, সেই সিদ্ধান্ত পুরোপুরি কোচ আনচেলত্তির ওপরই নির্ভর করছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৩৪ বছর বয়সী সান্তোস তারকা বলেন, ‘আমি দলে থাকার যোগ্য কি না, সেই সিদ্ধান্ত আনচেলত্তিই নেবেন। আমি এটার (সুযোগ পাওয়ার) জন্যই কঠোর পরিশ্রম করেছি। তবে যদি আমি নির্বাচিত নাও হই, তাহলেও আমি একজন সাধারণ সমর্থক হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের জন্য গলা ফাটাব।’
সাম্প্রতিক সময়ে দুটি ভাগে বিভক্ত ব্রাজিলিয়ান সমর্থকরা। একটি পক্ষ বিশ্বকাপের মতো বড় জায়গায় অভিজ্ঞ নেইমারকেই বিবেচনায় নিচ্ছেন, তবে অন্য আরেকটি পক্ষ বিশ্বমঞ্চে তরুণ আর ফিট ফুটবলারদের ওপর আস্থা রাখতে বলছেন। আনচেলত্তি এ-ও স্বীকার করেছেন, ফুটবলাররাও নেইমারকে স্কোয়াডে চান।
যদিও কোচ এটাও স্পষ্ট করেছেন, কোনো চাপের মুখে নতি স্বীকার করবেন না ইতিলিয়ান এই কোচ। আনচেলত্তি বারবার স্পষ্ট করছেন যে নেইমারকে দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত তার অতীত সাফল্য বা আবেগের ভিত্তিতে নয়; বরং তার বর্তমান ফর্ম ও শারীরিক ফিটনেসের ওপর পুরোপুরি নির্ভর করবে।