১৮ মে ২০২৬, ১৫:২০

লেভানডোভস্কির বার্সেলোনা ছাড়ার নেপথ্য মেসি-রোনালদো, পরবর্তী গন্তব্য কোথায়

লেভানডোভস্কি  © সংগৃহীত

চার মৌসুম পর বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। তবে শুধু চুক্তির মেয়াদ শেষ হওয়াই নয়, এই সিদ্ধান্তের পেছনে বড় প্রভাব ফেলেছে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো-র বর্তমান ক্যারিয়ার।

৩৭ বছর বয়সেও নিজেকে শীর্ষ পর্যায়ের ফুটবলের জন্য প্রস্তুত মনে করেন লেভানডোভস্কি। তিনি এমন একটি ক্লাবে খেলতে চান, যেখানে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাবেন এবং দলের মূল স্ট্রাইকার হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর ১৯১ ম্যাচে ১১৯ গোল করেছেন এই স্ট্রাইকার। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এখন ১৪তম স্থানে রয়েছেন। বার্সার হয়ে জিতেছেন তিনটি লা লিগা, একটি কোপা দেল রে এবং তিনটি স্প্যানিশ সুপার কাপসহ মোট সাতটি শিরোপা।

পোল্যান্ড জাতীয় দলের কোচ ইয়ান উরবানের ছেলে পিওত্র উরবান পোলিশ সংবাদমাধ্যমকে বলেন, ‘বার্সেলোনা লেভানডোভস্কিকে ছেড়ে দিচ্ছে না; বরং রবার্ট নিজেই বার্সেলোনা ছাড়ছেন। সত্যি বলতে, আমি তাকে মোটেও দোষ দিচ্ছি না। কৌশলগতভাবে লেভানডোভস্কি দলে থাকাটা বার্সেলোনার জন্যই বেশি লাভজনক ছিল, যা সভাপতি লাপোর্তা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। কিন্তু রবার্টের অবস্থান পরিষ্কার—সে নিজেই ক্লাব ছাড়ছে।’

তিনি আরও বলেন, ‘রবার্ট সম্ভবত নিশ্চিত হতে চেয়েছিলেন যে বার্সেলোনায় তিনি নিয়মিত শুরুর একাদশে থাকবেন কিনা। তিনি দলে একটি নির্দিষ্ট ও প্রধান স্ট্রাইকারের ভূমিকা চান। ক্যারিয়ারের এই পর্যায়ে কোন ক্লাবে খেলছেন, তার চেয়ে মাঠে এই ভূমিকা পাওয়াটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, এই মৌসুমে সাইডবেঞ্চে বা দ্বিতীয় পছন্দ হিসেবে থাকাটা রবার্টের জন্য বেশ কঠিন ছিল।’

চলতি মৌসুমে লা লিগার ২৯ ম্যাচের মধ্যে মাত্র ১৫টিতে শুরুর একাদশে ছিলেন লেভানডোভস্কি। নিয়মিত সুযোগ না পাওয়ায় ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন তিনি।

মেসি ও রোনালদোর বর্তমান পারফরম্যান্সও তার সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে। ৩৮ বছর বয়সে ইন্টার মায়ামি-র হয়ে এবং ৪১ বছর বয়সে আল-নাসর-এর হয়ে নিয়মিত দারুণ পারফর্ম করছেন এই দুই তারকা। লেভানডোভস্কির বিশ্বাস, সঠিক পরিবেশ পেলে তিনিও দীর্ঘ সময় শীর্ষ পর্যায়ে খেলতে পারবেন।

উরবান বলেন, ‘স্পেনে তার সবকিছুই আছে—বড় ক্লাব, সুন্দর শহর, সম্মান, টাকা, ট্রফি এবং সুখী পরিবার। কিন্তু ফুটবলে তার এখনো অনেক পথ চলা বাকি। রবার্ট দেখছেন লিও মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এখনো তাদের দলে নিয়মিত আলো ছড়াচ্ছেন, তাই তিনি বদলি খেলোয়াড় হিসেবে সাইডবেঞ্চে বসে থাকতে চান না। এই জেদ আর উচ্চাকাঙ্ক্ষাই সবসময় তার ক্যারিয়ারকে সমৃদ্ধ করেছে।’

লেভানডোভস্কির সম্ভাব্য পরবর্তী গন্তব্য নিয়েও চলছে জোর আলোচনা। যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব শিকাগো ফায়ার তাকে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে সৌদি আরবের আল-হিলাল-ও তাকে দলে ভেড়াতে আগ্রহী। সৌদিতে গেলে আবারও রোনালদোর মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হতে পারে তার।