১৬ মে ২০২৬, ২৩:৫২

চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল ম্যানচেস্টার সিটি

আন্তোয়ান সেমেনিও  © টিডিসি ফটো

চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জিতেছে ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন আন্তোয়ান সেমেনিও। তাঁর দুর্দান্ত ফ্লিকেই চলতি মৌসুমে দ্বিতীয় ট্রফি ঘরে তোলে পেপ গার্দিওলার দল। একই সঙ্গে গার্দিওলার অধীনে এটি সিটির ২০তম শিরোপা এবং ক্লাবটির অষ্টম এফএ কাপ জয়।

ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় ৭২তম মিনিটে। আর্লিং হলান্ড ও বার্নার্দো সিলভার সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে বল পেয়ে চোখধাঁধানো ফ্লিকে জাল খুঁজে নেন সেমেনিও। গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় চেলসি। এনজো ফার্নান্দেজ বক্সের ভেতর থেকে ভলি নিলেও বল অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সহজ সুযোগ নষ্ট করেছিলেন সেমেনিও। নিকো ও’রাইলির ক্রস থেকে ফাঁকায় বল পেয়েও হেডে লক্ষ্যভ্রষ্ট হন তিনি। অন্যদিকে চেলসিও সমতায় ফেরার কাছাকাছি পৌঁছেছিল। ময়জেস কাইসেদোর হেড গোললাইন অতিক্রম করার আগমুহূর্তে দারুণ দক্ষতায় বিপদ সামাল দেন রদ্রি।

প্রথমার্ধে দুই দলই ছিল অনেকটা নিস্প্রভ। চেলসি রক্ষণ সামলাতেই বেশি মনোযোগী ছিল, আর সিটির খেলায়ও দেখা যায়নি চেনা গতি ও সৃজনশীলতা। তবে এই সময়েই একবার জালে বল পাঠিয়েছিলেন হলান্ড। কিন্তু বিল্ড-আপে মাথেউস নুনেস অফসাইডে থাকায় গোলটি বাতিল করেন রেফারি। বিরতির আগে মার্ক গুয়েহির পাস থেকে সুযোগ পেয়েও সানচেজকে পরাস্ত করতে পারেননি নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

ম্যাচের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু মাথেউস নুনেস ও রায়ান চেরকির শট দারুণভাবে ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ। তবু শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি। এক গোলের জয়েই উৎসবে মাতে ম্যানচেস্টার সিটি।