১৫ মে ২০২৬, ০৮:০১

বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা, দলে থাকলেই ৩ কোটি টাকা বোনাস

নিউজিল্যান্ড ফুটবল দল   © সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে খেলোয়াড়দের জন্য নির্ধারিত বিশাল অঙ্কের বোনাস। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত এই বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাওয়া প্রত্যেক ফুটবলার নিশ্চিতভাবে পাচ্ছেন প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি টাকারও বেশি।

১৬ বছর পর এবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। এই সাফল্যের সুবাদে ফিফার কাছ থেকে দলটি গ্যারান্টি হিসেবে পাচ্ছে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার প্রাইজমানি। নিউজিল্যান্ড ফুটবলের (এনজেডএফ) বর্তমান চুক্তি অনুযায়ী, এই অর্থের প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করা হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জন ফুটবলারের প্রত্যেকেই বড় অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছেন।

নিউজিল্যান্ডের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হয়ে এসেছেন তরুণ মিডফিল্ডার লাচলান বেলিস। মাত্র দুই মাস আগে জাতীয় দলে অভিষেক হওয়া এই ফুটবলার এবার সরাসরি বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয় রাখতে কোচ ড্যারেন বেজলি দলে রেখেছেন অভিজ্ঞ ডিফেন্ডার টমি স্মিথকেও।

অধিনায়ক ক্রিস উড এবং টমি স্মিথ—এই দুই ফুটবলার ২০১০ সালের পর আবারও নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। তাদের অভিজ্ঞতাই এবারের আসরে দলটির বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। গ্রুপ ‘জি’-তে কিউইদের অন্য দুই প্রতিপক্ষ শক্তিশালী মিসর ও বেলজিয়াম।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড—

গোলরক্ষক: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড।

ডিফেন্ডার: টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবেরাতো কাকাচে, ফ্রান্সিস ডি ভ্রিস, কালান এলিয়ট, টিম পেইন, নান্দো পিজনেকার, টমি স্মিথ, ফিন সারম্যান।

মিডফিল্ডার: লাচলান বেলিস, জো বেল, ম্যাট গারবেট, এলি জাস্ট, ক্যালাম ম্যাকওয়াট, বেন ওল্ড, অ্যালেক্স রুফার, মার্কো স্টামেনিচ, সারপ্রীত সিং, রায়ান থমাস।

ফরোয়ার্ড: কোস্তা বারবারোসেস, জেসি র‌্যান্ডাল, বেন ওয়েন, ক্রিস উড (অধিনায়ক)।