রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে লা লিগা উদযাপন বার্সেলোনার
রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। রোববার রাতে ক্যাম্প ন্যুতে জয়ের পর প্রথমবারের মতো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ঘরের মাঠে শিরোপা উদযাপনের স্বাদ পেল কাতালানরা।
৩৫ ম্যাচ শেষে ৩০ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৯১। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৭। হাতে তিন ম্যাচ থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে হান্সি ফ্লিকের দলের।
মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। ৯ মিনিটে ফ্রি কিক থেকে চোখধাঁধানো গোলে দলকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁকানো শট রক্ষণ দেয়াল ভেদ করে জালে জড়ায়।
গোলের ধাক্কা সামলানোর আগেই আরও বিপদে পড়ে রিয়াল। ১৮ মিনিটে দানি ওলমোর কাটব্যাক থেকে জোরাল শটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। টানা দ্বিতীয় ম্যাচে গোল পাওয়া এই ফরোয়ার্ডের লিগে গোলসংখ্যা দাঁড়ায় ১৬তে।
প্রথমার্ধে রিয়াল কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। কাছ থেকে গন্সালো গার্সিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে অরেলিয়েন চুয়ামেনিও পোস্টের বাইরে মারেন। ৩৮তম মিনিটে রাশফোর্ড আরও একটি গোলের সুযোগ পেলেও থিবো কোর্তোয়া দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন।
বিরতির পরও ম্যাচে ফেরার মতো কিছু করতে পারেনি রিয়াল। ৬৩ মিনিটে জুড বেলিংহাম বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। শেষ পর্যন্ত আক্রমণে ধারহীন থেকেই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ ।
পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পেরেছে রিয়াল। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে আক্রমণভাগে ভুগেছে দলটি। ভিনিসিয়ুস জুনিয়রও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
অন্যদিকে, লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও জুল কুন্দেকে ছাড়াই দাপুটে ফুটবল খেলেছে বার্সেলোনা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে বাবার মৃত্যুসংবাদ পেলেও ডাগআউটে উপস্থিত ছিলেন কোচ হান্সি ফ্লিক। জয়ের পর রাশফোর্ড ও তোরেস দুজনই ছুটে যান তার কাছে।
২০২৪ সালে দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই বার্সেলোনাকে লিগ শিরোপা এনে দেন এই জার্মান কোচ। গত মৌসুমে ঘরোয়া ট্রেবল জয়ের পর এবারও জিতলেন লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ। ফ্লিকের অধীনে দুই মৌসুমে এটি বার্সেলোনার পঞ্চম শিরোপা।
ম্যাচ শেষে ক্যাম্প ন্যুর গ্যালারিজুড়ে ওঠে ‘চ্যাম্পিয়নস, চ্যাম্পিয়নস’ ধ্বনি। সতীর্থদের সঙ্গে উৎসবে মেতে ওঠেন ইয়ামাল, রাফিনিয়া ও ফ্লিক।
লা লিগার ইতিহাসে এটি বার্সেলোনার ২৯তম শিরোপা। আর টানা দ্বিতীয় মৌসুম ট্রফিহীন থাকল রিয়াল মাদ্রিদ।