রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে সংঘর্ষ, মাথায় চোট পেয়ে হাসপাতালে ভ্যালভার্দে
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে অভ্যন্তরীণ উত্তেজনা এবার প্রকাশ্যে রূপ নিয়েছে। উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভ্যালভার্দে এবং ফরাসি তারকা অরেলিয়ান তচুয়ামেনির মধ্যে ড্রেসিংরুমে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে ক্লাব সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। হাতাহাতির ঘটনায় মাথায় আঘাত পেয়ে ভ্যালভার্দেকে হাসপাতালে নেওয়া হয়। খবর আল জাজিরার
জানা গেছে, হাতাহাতির একপর্যায়ে দলের অধিনায়ক ভ্যালভার্দে মাথায় আঘাত পেয়েছেন এবং চিকিৎসা শেষে তিনি বর্তমানে বাসায় আছেন। চিকিৎসা নির্দেশনা অনুযায়ী তাকে ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হবে।
এক বিবৃতিতে রিয়াল জানায়, সকালে প্রথম দলের অনুশীলনের সময় ঘটে যাওয়া ঘটনার পর ফেদেরিকো ভ্যালভার্দে এবং অরেলিয়ান তচুয়ামেনির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
ঘটনাটি ঘটে ভ্যালদেবেবাস অনুশীলন মাঠে, এর একদিন আগে দুই খেলোয়াড়ের মধ্যে আরেক দফা উত্তেজনার পর হাতাহাতির অব্দি গড়ায়। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে ক্লাবের শীর্ষ কর্মকর্তারা জরুরি বৈঠক করেন এবং অনুশীলন মাঠে খেলোয়াড়রা এক ঘণ্টার বেশি সময় অবস্থান করেন।
তবে ভ্যালভার্দে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দাবি করেন, একটি তর্কের সময় তিনি অনিচ্ছাকৃতভাবে একটি টেবিল ধাক্কা দিয়ে ফেলেছিলেন এবং সতীর্থের সঙ্গে বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। এ ঘটনায় অরেলিয়ান তচুয়ামেনির কোনো শারীরিক আঘাতের খবর পাওয়া যায়নি।
এই অস্থিরতার পেছনে ক্লাবের চলমান সংকটকেও দায়ী করা হচ্ছে। মৌসুমজুড়ে ব্যর্থতার পর রিয়াল মাদ্রিদ শিরোপাহীন অবস্থার দিকে এগোচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর লা লিগায় তারা শীর্ষে থাকা বার্সেলোনার থেকে এগারো পয়েন্ট পিছিয়ে রয়েছে তারা।
অন্যদিকে ক্লাবের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকে ঘিরেও ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। তার পারফরম্যান্স ও মাঠের বাইরের কিছু বিষয় নিয়ে সমর্থকদের একাংশের সমালোচনাও বাড়ছে, যা ক্লাবের ভেতরের চাপ আরও বাড়িয়েছে।
তাতে সবমিলিয়ে বেশ চাপে আছেন রেকর্ড সংখ্যক শিরোপা জেতা ক্লাবটি।