চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। লুইস দিয়াস ও হ্যারি কেইনের গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে জার্মান চ্যাম্পিয়নরা, যদিও শেষদিকে কিলিয়ান এমবাপে ব্যবধান কমান।
মঙ্গলবার রাতের এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বড় ভূমিকা রাখেন বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার, ৪০ বছর বয়সেও একের পর এক দুর্দান্ত সেভ করে রিয়ালের আক্রমণ ঠেকান।
প্রথমার্ধের ৪১তম মিনিটে জিনাব্রির পাস থেকে নিখুঁত শটে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লুইস দিয়াস। বিরতির পর খেলা শুরু হতেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেইন। মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত আক্রমণে উঠে মাইকেল ওলিসের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় গোল করেন ইংলিশ এই ফরোয়ার্ড।
দুই গোলে পিছিয়ে পড়ার পর রিয়াল মাদ্রিদ আক্রমণের গতি বাড়ালেও বারবার বাধা হয়ে দাঁড়ান নয়ার। একাধিক নিশ্চিত সুযোগ তৈরি করেও গোল পেতে ব্যর্থ হন এমবাপে ও ভিনিসিউস জুনিয়র।
অবশেষে ৭৪তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের দারুণ ক্রস থেকে পা বাড়িয়ে বল জালে জড়িয়ে ব্যবধান কমান এমবাপে। এরপর সমতায় ফেরার জন্য একাধিক সুযোগ তৈরি করলেও আর গোল করতে পারেনি স্বাগতিকরা।
পরিসংখ্যানেও ছিল সমতা—দুই দলই ২০টি করে শট নেয়, যার মধ্যে রিয়ালের ৯টি ও বায়ার্নের ৮টি শট ছিল লক্ষ্যে। তবে সুযোগ কাজে লাগানোর দিক থেকে এগিয়ে ছিল বায়ার্নই।
এই জয়ের মাধ্যমে এক যুগের বেশি সময় পর রিয়ালের বিপক্ষে জয়ের দেখা পেল বায়ার্ন মিউনিখ। এর আগে সবশেষ ২০১১-১২ মৌসুমে তারা স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে জয় পেয়েছিল।
নির্ধারিত সময়ের শেষদিকে আরও কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দুই দলই। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
আগামী বুধবার আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হবে ফিরতি লেগ, যেখানে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আবার মুখোমুখি হবে দুই দল।