সাফ জয়ী দলে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমন সরেন
সম্প্রতি সাফ অনূর্ধ্ব-২০ (পুরুষ) ফুটবলের শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের যুবারা। সেখানে সাফ জয়ী বাংলাদেশ দলের হয়ে ফাইনালে মাঠে নামেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থী সুমন সরেন।
শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত এবারের আসরের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ।
সুমন সরেনের জন্মস্থান রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায়। তিনি গবি’র সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ১ম সেমিস্টারে অধ্যয়ন করছেন। গত শুক্রবার মালেতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অনূর্ধ্ব-২০ ফুটবল দলের ঐতিহাসিক জয়ের দলের হয়ে মাঠে নামেন উদীয়মান ফুটবলার সুমন সরেন। আসর জুড়ে একাধিক ম্যাচে বাংলাদেশ দলের হয়ে মাঠে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার সাফল্য নিয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা।
সুমন সরেনের সাফল্যে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শারিরীক প্রশিক্ষক মো. হাবিব উদ্দিন বলেন, ‘আমি তার সাফল্যে আনন্দিত, সাফল্যের ধারাবাহিকতা যেন সে ধরে রাখতে পারে এবং ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দলে নিজের জায়গা করে নিতে পারে এই প্রত্যাশা করি।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন ‘তার সাফল্য আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তার এমন সাফল্য অব্যাহত থাকুক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনার মাধ্যমে তার এই অর্জনকে সকল শিক্ষার্থীদের কাছে অনুপ্রেরণা হিসেবে তুলে ধরবে বিশ্ববিদ্যালয়।’
প্রসঙ্গত, সুমন সরেন ২০২৬ সালের সাফ অনূর্ধ্ব-২০ আসরে বাংলাদেশ দলের ফরোয়ার্ড হিসেবে খেলেন।