ডেনমার্ককে কাঁদিয়ে বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র
টাইব্রেকারের রোমাঞ্চে ডেনমার্ককে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র। নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ সমতায় থাকার পর পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে জিতে দুই দশকের অপেক্ষার অবসান ঘটায় তারা।
প্রাগের জেনেরেট অ্যারেনায় ১৯ হাজার দর্শকের সামনে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। তৃতীয় মিনিটেই পাভেল সুলচের গোলে উল্লাসে ফেটে পড়ে গ্যালারি। তবে ৭২তম মিনিটে ইয়াকিম অ্যান্ডারসনের গোলে সমতায় ফেরে ডেনমার্ক।
অতিরিক্ত সময়ের লড়াইয়ে আবারও নাটকীয়তা। ১০০তম মিনিটে লাডিস্লাভ ক্রেচ গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে নিলেও ১১১তম মিনিটে ক্যাসপার হগের গোলে আবারও সমতা ফেরায় ডেনিশরা। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে ব্যর্থতার কারণে ম্যাচ থেকে ছিটকে যায় ডেনমার্ক। রাসমাস হজলুন্ড, অ্যান্ডার্স ড্রেয়ার এবং ম্যাথিয়াস জেনসেন শট মিস করেন। তাদের হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান এরিকসেন।
অন্যদিকে চেক প্রজাতন্ত্রের হয়ে টাইব্রেকারে সফল হন থমাস ছোরি, থমাস সোওচেক, লাডিস্লাভ ক্রেচ এবং মিচেল সাডিলেক। তাদের নিখুঁত শটেই জয় নিশ্চিত হয় দলের।
এর আগে প্লে-অফ সেমিফাইনালেও নাটকীয়ভাবে জয় পেয়েছিল চেক প্রজাতন্ত্র। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও নির্ধারিত সময়ে ২-২ সমতা এনে পরে টাইব্রেকারে জেতে তারা। টানা দুই ম্যাচে পেনাল্টি নাটকে জয় তুলে নিয়ে এবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল দলটি।
২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে চেক প্রজাতন্ত্রের প্রতিপক্ষ হিসেবে থাকবে দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আয়োজক দেশ মেক্সিকো।