৩১ মার্চ ২০২৬, ০৮:৪০

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির

স্কালোনি  © সংগৃহীত

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের জন্য খেলোয়াড়দের ৫৫ জনের প্রাথমিক তালিকা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে জমা দিয়েছেন। এই তালিকা থেকে পারফরম্যান্সের ভিত্তিতে চূড়ান্ত ২৬ জনের দল গঠন করা হবে।

সোমবার জাম্বিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, ‘আমরা ইতোমধ্যে এএফএ-কে ৫৫ জনের তালিকা জমা দিয়েছি; তাদের এটি ফিফার কাছে উপস্থাপন করতে হবে। আমরা পারফরম্যান্সের ভিত্তিতে খেলোয়াড় বাদ দেব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শেষে। দলের জন্য কোনটা সবচেয়ে ভালো, তা নিয়ে ভাবব এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব। পারফরম্যান্স সন্তোষজনক না হলে আমরা ব্যবস্থা নেব।’

তিনি আরও বলেন, ‘শেষ কয়েকটি ম্যাচ খেলার অর্থ কী, তা আমরা সবাই জানি; যারা আমাদের সঙ্গে অনেক দিন ধরে আছে, তাদের একটু সুবিধা আছে, কারণ আমরা তাদের সম্পর্কে জানি।’

আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের আগে আর্জেন্টিনা ইতোমধ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছে। বাংলাদেশ সময় গত শনিবার সকালের ম্যাচে ঘরের মাঠে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৫তম দলের বিপক্ষে এই জয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা পার্থক্য দেখাতে পেরেছে মাত্র সামান্য।

পরের ম্যাচে আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে জাম্বিয়ার মুখোমুখি হবে। স্কালোনি নিশ্চিত করেছেন, বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে; যার একটি হবে সার্বিয়ার বিপক্ষে এবং অন্যটির প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। উভয় ম্যাচই চূড়ান্ত ২৬ জনের দল নিয়ে খেলা হবে।