পুরো নতুন একাদশ নামিয়েও বাজিমাত ফ্রান্সের
ব্রাজিলকে হারানো ম্যাচের একাদশের সবাইকে বাইরে রেখেও কলম্বিয়ার বিপক্ষে অনায়াসে জয় পেয়েছে ফ্রান্স। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে রবিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-১ গোলে জয় তুলে নেয় দিদিয়ে দেশমের দল। পুরো ভিন্ন একাদশ নামিয়েও দারুণ পারফরম্যান্স দেখিয়ে স্কোয়াডের গভীরতা প্রমাণ করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচে জোড়া গোল করে ফ্রান্সের জয়ের নায়ক হন দিজিরে দুয়ে। প্রথমার্ধে আরেকটি গোল করেন মার্কাস থুরাম। অন্যদিকে দ্বিতীয়ার্ধে কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেন হামিন্তন কামপাস।
আগের ম্যাচে কিলিয়ান এমবাপে ও উগো একিটিকের গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ফ্রান্স। সেই ম্যাচের পুরো একাদশ বদলে দিয়ে এবার মাঠে নামান কোচ দিদিয়ে দেশম। শুরুতে দুই দলই সমানতালে খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স।
২৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন দুয়ে। বক্সের ভেতরে কলম্বিয়ার রক্ষণ বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে নিচু শটে জালে বল জড়ান এই উইঙ্গার। জাতীয় দলের জার্সিতে এটি তার প্রথম গোল।
৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। ডান দিক থেকে আসা ক্রসে ছয় গজ বক্সের বাইরে শক্ত হেডে গোল করেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন দুয়ে। থুরামের বাড়ানো পাস বক্সে ফাঁকা পেয়ে শট নিলে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে ঢুকে পড়ে, এতে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
৬৩তম মিনিটে দুয়েকে তুলে নিয়ে উগো একিটিকেকে নামান কোচ। একই সময়ে কলম্বিয়ার কোচও হামেস রদ্রিগেস ও লুইস দিয়াসকে তুলে নেন।
৭৭তম মিনিটে ব্যবধান কমায় কলম্বিয়া। বক্সে সতীর্থের পাস পেয়ে কোনাকুনি শটে গোল করেন কামপাস।
এরপর থুরামের বদলি হিসেবে মাঠে নামেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের হয়ে অলিভিয়ে জিরুর সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার পথে থাকা এই তারকা ম্যাচের শেষদিকে কয়েকটি সুযোগ তৈরি করেন।
৮৫তম মিনিটে কঠিন কোণ থেকে নেওয়া এমবাপের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন এক ডিফেন্ডার। যোগ করা সময়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।