১৮ মার্চ ২০২৬, ০৬:০৬

নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা

আফ্রিকান নেশন্স কাপ  © সংগৃহীত

আফ্রিকান নেশন্স কাপের বিতর্কিত ফাইনালের দুই মাস পর নাটকীয় সিদ্ধান্তে বদলে গেল শিরোপার মালিকানা। আগে চ্যাম্পিয়ন হওয়া সেনেগালের কাছ থেকে ট্রফি কেড়ে নিয়ে মরক্কোকে নতুন করে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।

বাংলাদেশ সময় বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সিএএফ জানায়, সেনেগাল ‘ফাইনাল ম্যাচ বর্জন করেছে’ এবং ম্যাচের ফল ‘মরক্কোর পক্ষে ৩-০ জয়’ হিসেবে গণ্য হবে।

মরক্কোর রাজধানী রাবাতে গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত সেই ফাইনালে সেনেগাল ১-০ গোলে জয় পেয়েছিল। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দল গোল করতে না পারলেও অতিরিক্ত সময়ের শুরুতে পাপ গেয়ির গোলেই এগিয়ে যায় তারা।

নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে ম্যাচে তৈরি হয় বড় বিতর্ক। ইদ্রিসা গেয়ির হেড পোস্টে লাগার পর ফিরতি বলে ইসমাইল সার জালে বল পাঠালেও এর আগে ফাউলের বাঁশি বাজান রেফারি। হেড করার আগে আশরাফ হাকিমিকে ধাক্কা দেওয়ার কারণে গোলটি বাতিল করা হয়।

ঘটনার জেরে উত্তেজনা বাড়তে থাকে মাঠে। যদিও ধাক্কাটি খুব জোরালো ছিল না, তবু সেটিই পরে বড় বিতর্কে রূপ নেয়।

যোগ করা সময়ের শেষ দিকে কর্নার পায় মরক্কো। বল ভেসে যায় দূরের পোস্টে, সেখানে ফাউলের শিকার হন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড দিয়াস। এরপর ভিএআরের সহায়তায় মনিটরে দেখে সিদ্ধান্ত নিতে যান রেফারি, কিন্তু সাইডলাইনে তাকে ঘিরে ধরে খেলোয়াড়রা। ভিড়ের মধ্যেই তিনি পেনাল্টির সিদ্ধান্ত জানান।

এরপর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। মাঠে বিশৃঙ্খলার মধ্যে সেনেগাল কোচ পাপ চাওকে খেলোয়াড়দের মাঠ ছাড়ার ইঙ্গিত দিতে দেখা যায়। প্রায় ১৭ মিনিট পর তারা আবার মাঠে ফিরে আসে।

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দিয়াস। পরে ৯৪তম মিনিটে ইদ্রিসা গেয়ির থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন পাপ গেয়ি, যা তখন জয়সূচক বলেই ধরা হয়েছিল।

তবে সিএএফের সর্বশেষ সিদ্ধান্তে সেই গোল আর জয়সূচক হিসেবে থাকছে না। ম্যাচ-পরবর্তী নানা আপত্তিকর ঘটনার প্রেক্ষিতে মরক্কোর ফুটবল অ্যাসোসিয়েশন আপিল করেছিল, যার ফল এখন তাদের পক্ষেই এসেছে।

এই সিদ্ধান্তের ফলে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা হওয়ার স্বীকৃতি পেল মরক্কো। এর আগে ১৯৭৬ সালে প্রথমবার শিরোপা জিতেছিল তারা।

অন্যদিকে, দ্বিতীয়বার শিরোপা জয়ের আনন্দ পেলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারল না সেনেগাল। ২০২১ সালে প্রথমবার আফ্রিকান নেশন্স কাপ জিতেছিল দলটি, কিন্তু এবার সেই অর্জন দুই মাসের মাথায় হাতছাড়া হয়ে গেল।