কোপা দেল রেতে আলবাসেতের স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে বার্সেলোনা
কোপা দেল রেতে রূপকথার মতো যাত্রার শেষটা হলো আলবাসেতের জন্য। রিয়াল মাদ্রিদ ও সেল্টা ভিগোর মতো দলকে হারিয়ে চমক দেখানো দ্বিতীয় বিভাগের ক্লাবটি শেষ পর্যন্ত বার্সেলোনার বিপক্ষে থামল।
মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালে নিজেদের মাঠে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আলবাসেতে। এ জয়ের মাধ্যমে চলতি আসরের কোপা দেল রের সেমিফাইনালে প্রথম দল হিসেবে জায়গা করে নেয় কাতালানরা।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। সপ্তম মিনিটেই প্রথম সুযোগ পান মার্কাস রাশফোর্ড, তবে দানি ওলমোর পাস থেকে নেওয়া শটটি লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি।
৩৯তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পায় অতিথিরা। রাশফোর্ড ও ফ্রেংকি ডি ইয়ংয়ের চাপে বল হারালে, লামিনে ইয়ামাল এক স্পর্শে বাম পায়ে গোল করেন।
বিরতির পরও বার্সেলোনার দাপট অব্যাহত থাকে। ৫৬তম মিনিটে রাশফোর্ডের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান অধিনায়ক রোনাল্ড আরাউহো।
শেষ দিকে আলবাসেতে লড়াইয়ে ফেরে। ৮৭তম মিনিটে হাভিয়ের মোরেনোর হেডে উত্তেজনা বাড়লেও যোগ করা সময়ে গোললাইন ক্লিয়ারেন্সে জয় নিশ্চিত করে বার্সেলোনা।