সুস্থ থাকতে প্রোটিনের সঙ্গে খেতে হবে যে পুষ্টি উপাদান
শরীরের পেশি গঠন ও ক্ষয় পূরণে প্রোটিনের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ফিটনেস সচেতন থেকে শুরু করে সাধারণ মানুষ—অনেকেই এখন প্রতিদিনের খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু শুধু প্রোটিনের হিসাব কষলেই কি সুস্থ থাকা যায়? পুষ্টিবিদদের মতে, সুস্থতার জন্য প্রোটিনের পাশাপাশি খাবারে পর্যাপ্ত আঁশ (ফাইবার) রাখাও সমান জরুরি। এই দুইয়ের ভারসাম্য হজম প্রক্রিয়া সচল রাখা এবং অন্ত্রের সুস্থতা বজায় রাখতে বড় ভূমিকা রাখে।
পরিমাণ নয়, গুণগত মানও দেখুন
পেশির যত্ন নেওয়া, ক্ষয় পূরণ এবং শরীরের স্বাভাবিক কাজকর্ম সচল রাখতে প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড জোগায় প্রোটিন। বয়স, ওজন, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস ও সামগ্রিক স্বাস্থ্যের ওপর নির্ভর করে কার কতটুকু প্রোটিন দরকার, তা ভিন্ন হতে পারে।
তবে প্রোটিন বাছাইয়ের ক্ষেত্রে শুধু কত গ্রাম খাওয়া হচ্ছে, সেদিকে তাকিয়ে থাকলে চলবে না; এর গুণগত মানও খতিয়ে দেখা দরকার। প্রোটিনের অ্যামিনো অ্যাসিডের গঠন ও হজমযোগ্যতা যাচাইয়ে পিডিসিএএএস (PDCAAS)-এর মতো পদ্ধতি ব্যবহার করা হয়।
আজকাল আলোচনায় আসছে ফারমেন্টেড ইস্ট প্রোটিনের কথাও। এটি এক ধরনের মাইক্রোবিয়াল প্রোটিন। সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হলে এতে শরীরের জন্য প্রয়োজনীয় নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড থাকতে পারে এবং এর হজমযোগ্যতাও তুলনামূলক ভালো হতে পারে। তাই প্রোটিনের উৎস ঠিক করার সময় গঠন ও হজমযোগ্যতার বিষয়টি মাথায় রাখা ভালো।
প্রোটিনের সঙ্গী যখন আঁশ
খাবারে প্রোটিন বাড়াতে গিয়ে অনেকেই আঁশের কথা বেমালুম ভুলে যান। অথচ শরীরে দুটির কাজ আলাদা হলেও গুরুত্ব কোনো অংশে কম নয়। প্রোটিন যেখানে পেশি ও অ্যামিনো অ্যাসিডের চাহিদা মেটায়, সেখানে ইনুলিনের মতো গাঁজনযোগ্য আঁশ অন্ত্রের উপকারী অণুজীবের খাবারের জোগান দেয়। এসব আঁশ থেকে তৈরি হয় শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড (এসসিএফএ), যা অন্ত্রের পরিবেশ ঠিক রাখতে ও স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে।
খাওয়ার পর কিছু প্রোটিন হজম হয়েও বৃহদন্ত্রে পৌঁছায়, যেখানে অন্ত্রের অণুজীব তা ভেঙে ফেলে। এই পুরো প্রক্রিয়ায় খাবারের পুষ্টি উপাদানগুলোর ভারসাম্য থাকা জরুরি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গাঁজনযোগ্য আঁশ শর্ট-চেইন ফ্যাটি অ্যাসিড তৈরিতে সাহায্য করে এবং বৃহদন্ত্রে প্রোটিন ভাঙার ওপর অযথা নির্ভরতা কমায়।
পুষ্টিবিদদের মতে, মানুষ যখন প্রোটিন গ্রহণের পরিমাণ বাড়ায়, তখন প্রায়ই আঁশের কথা ভুলে যায়। কিন্তু প্রোটিন ও আঁশের কাজ আলাদা হলেও দুটিই সমান গুরুত্বপূর্ণ। তাই আমাদের দেখতে হবে, সামগ্রিক খাদ্যাভ্যাসে ভারসাম্য আছে কি না।
হজমের বাস্তবতা ও এনজাইমের ভূমিকা
প্রোটিনের গুণগত মানের সঙ্গে তা হজম করার সক্ষমতাও ওতপ্রোতভাবে জড়িত। ফারমেন্টেড ইস্ট প্রোটিন নিয়ে অনেকের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে। এখানে ‘ফারমেন্টেশন’ বলতে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বোঝানো হয়েছে; এর মানে এই নয় যে প্রোটিনটি আগে থেকেই হজম করা অবস্থায় থাকে। শরীরের পরিপাকতন্ত্রে স্বাভাবিক নিয়মেই এর হজম সম্পন্ন হয়।
এ কাজে হজমকারী এনজাইমগুলো সাহায্য করে। প্যাপেইন যেমন একটি প্রোটিন ভাঙার এনজাইম, যা খাবারের প্রোটিনকে ছোট পেপটাইডে ভেঙে দিতে ভূমিকা রাখে। তাই প্রোটিন গ্রহণের ক্ষেত্রে উৎস ও গুণগত মানের পাশাপাশি হজমের বিষয়টিও বিবেচনায় রাখা উচিত।
প্রতিদিন খাবারে কী রাখবেন
প্রতিদিনের পাতে সহজেই রাখা যায় এমন অনেক খাবারে প্রোটিন ও আঁশ পাওয়া যায়। ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার, ডাল, শিমজাতীয় খাবার, সয়াবিন, টোফু, বাদাম, মাছ ও মাংস প্রোটিনের ভালো উৎস। অন্যদিকে ফল, শাকসবজি, ডাল, পূর্ণ শস্য, বাদাম ও বীজ থেকে মেলে প্রয়োজনীয় আঁশ।
ব্যস্ততার কারণে নিয়মিত খাবার তৈরি বা গোছানো কঠিন হলে হাতের কাছে সহজে মেলে এমন খাবারও রাখা যেতে পারে। তবে প্রোটিনের পরিমাণ বাড়ানোর পাশাপাশি আঁশ ও খাবারের বৈচিত্র্য যেন হারিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।