টানা ৩০ দিন সকালে চা-বিস্কুট দিয়ে নাস্তা করলে শরীরে যে প্রভাব পড়তে পারে
সকালে ঘুম থেকে উঠে কর্মস্থলে যাওয়ার তাড়া থাকে অনেকেরই। তাই সময় বাঁচাতে কেউ কেউ নাশতা না করেই বেরিয়ে পড়েন। আবার অনেকে এক কাপ চা আর দু-একটি বিস্কুট খেয়েই সকালের খাবার শেষ করেন। কারও কারও কাছে এটিই প্রতিদিনের নাশতার অভ্যাস। কিন্তু দিনের পর দিন সকালের খাবার হিসেবে শুধু চা-বিস্কুট খেলে শরীরে কী প্রভাব পড়ে, তা অনেকেই জানেন না। পুষ্টিবিদদের মতে, টানা ৩০ দিনও যদি সকালের নাশতায় শুধু চা-বিস্কুট খাওয়া হয়, তাহলে শরীরে পুষ্টির ঘাটতি তৈরি হওয়ার পাশাপাশি রক্তে শর্করা ও বিপাকীয় কার্যক্রমেও প্রভাব পড়তে পারে।
সকালের নাশতায় এক কাপ চা ও দু-একটি বিস্কুট কখনোই সুষম খাবারের বিকল্প হতে পারে না। চায়ে ক্যাফিন ও চিনি থাকে। অন্যদিকে, সাধারণ বিস্কুটে ময়দা, চিনি ও তেল ব্যবহার করা হয়। এসব খাবারে শরীরের প্রয়োজনীয় প্রোটিন, ফাইবার ও অন্যান্য পুষ্টি উপাদান পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। ফলে নিয়মিত এই অভ্যাস শরীরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।
চা-বিস্কুট রক্তে শর্করা ও ইনসুলিনের ওপর কী প্রভাব ফেলে?
চা-বিস্কুটের এই সমন্বয়ে মূলত পরিশোধিত শর্করা বেশি থাকে। অন্যদিকে, প্রোটিনের পরিমাণ খুবই কম। এসব খাবারের গ্লাইসেমিক ইনডেক্সও তুলনামূলক বেশি। ফলে সকালের নাশতায় শুধু চা-বিস্কুট খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে।
একটানা এক মাস এমন খাবার খাওয়ার অভ্যাস থাকলে শরীরের বিপাকীয় কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত চিনি ও পরিশোধিত শর্করা গ্রহণ করলে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। এতে ভবিষ্যতে ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।
এ ছাড়া চা-বিস্কুট খাওয়ার পর কিছু সময় শরীরে শক্তি অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্লান্তি দেখা দিতে পারে। খাবারে পর্যাপ্ত ফাইবার ও প্রোটিন না থাকায় দীর্ঘ সময় শক্তি পাওয়া যায় না। ফলে কাজে মনোযোগ কমে যেতে পারে এবং মেজাজ খিটখিটে হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন এমন খাদ্যাভ্যাস বজায় রাখলে শরীরের বিপাকীয় চাপ বাড়তে পারে।
রোজ সকালে চা-বিস্কুট খেলে কোন কোন পুষ্টির ঘাটতি হতে পারে?
এক মাস ধরে সকালের নাশতায় শুধু চা-বিস্কুট খেলে শরীর মূলত পরিশোধিত শর্করা, চিনি এবং বিস্কুটে থাকা স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট থেকে ক্যালরি পায়। কিন্তু প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা পূরণ হয় না।
প্রোটিনের ঘাটতি হলে পেশির স্বাভাবিক গঠন ও রক্ষণাবেক্ষণ ব্যাহত হতে পারে। দীর্ঘদিন পর্যাপ্ত প্রোটিন না পেলে পেশির ক্ষয়ও বাড়তে পারে। অন্যদিকে, ফাইবারের অভাবে হজমের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে।
চায়ে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন শোষণে বাধা দিতে পারে। বিশেষ করে খাবারের সঙ্গে বা খাবার খাওয়ার পরপরই চা পান করলে উদ্ভিজ্জ উৎস থেকে আয়রন শোষণ কমতে পারে। দীর্ঘদিন খাদ্যতালিকায় আয়রনের ঘাটতি থাকলে রক্তস্বল্পতার ঝুঁকি বাড়ে।
এ ছাড়া পর্যাপ্ত পুষ্টি না পাওয়ার কারণে শরীরে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে। রোগ প্রতিরোধক্ষমতা স্বাভাবিক রাখতেও সমস্যা হতে পারে। দীর্ঘদিন ক্যালসিয়াম, ভিটামিন ডি ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি থাকলে হাড়ের স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হতে পারে। কারও কারও ক্ষেত্রে নিয়মিত চা পান ও খালি পেটে চা খাওয়ার কারণে অ্যাসিডিটির সমস্যাও বাড়তে পারে।
চা-বিস্কুটে থাকা অতিরিক্ত চিনি ও ফ্যাট শরীরের ওজন এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে ভূমিকা রাখতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর ফ্যাট গ্রহণের ফলে স্থূলতা, উচ্চ কোলেস্টেরল এবং বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়ে। এসব সমস্যা একসঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
স্বাস্থ্যকর নাশতা কেমন হওয়া উচিত?
সকালের নাশতায় শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে খাবারের তালিকায় ভারসাম্য রাখা জরুরি। শুধু চা-বিস্কুটের ওপর নির্ভর না করে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ খাবার রাখা উচিত।
সকালের নাশতায় ডিম, দুধ, ওটস, আটার রুটি, ফলমূল ও বিভিন্ন ধরনের সবজি রাখা যেতে পারে। এসব খাবার শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের পাশাপাশি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। ডিম ও দুধ থেকে প্রোটিন পাওয়া যায়। অন্যদিকে, ফলমূল, সবজি ও ওটসে থাকা ফাইবার হজমের স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে।
তাই সকালে সময়ের অভাব থাকলেও শুধু চা-বিস্কুট খেয়ে নাশতা শেষ না করাই ভালো। বরং অল্প সময়ে তৈরি করা যায়, এমন পুষ্টিকর খাবার বেছে নেওয়া উচিত। এতে শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি সুস্থ খাদ্যাভ্যাসও গড়ে উঠবে।