২০ নভেম্বর ২০২৬, ২২:০৬

যে ভুলে শিশুকে রোজ সবজি খাইয়েও লাভ হচ্ছে না

শীতের সবজির পুষ্টিগুণ যতটা সম্ভব অক্ষুণ্ন রাখছেন কি?  © সংগৃহীত

শীত এলেই বাজারে দেখা মেলে নানা ধরনের মৌসুমি সবজির। রাঙাআলু, পালংশাক, ফুলকপি, শিম, কড়াইশুঁটি, দেশি টমেটো কিংবা রসুনের শাক—সব মিলিয়ে এ সময় বাজার থাকে সবজিতে ভরপুর। স্বাদ ও বৈচিত্র্যের পাশাপাশি শীতের এসব সবজি শরীরের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মাছ, মাংস ও ডিমের পাশাপাশি খাদ্যতালিকায় শাকসবজি রাখা জরুরি। এতে থাকা ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে, ওজন নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। তবে শুধু নিয়মিত সবজি খেলেই হবে না, সেগুলো রান্নার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। রান্নার সময় কিছু সাধারণ ভুলের কারণে সবজির পুষ্টি উপাদানের পরিমাণ কমে যেতে পারে। ফলে প্রতিদিন সবজি খেয়েও প্রত্যাশিত পুষ্টি পাওয়া কঠিন হয়।

শিশুর খাবারে নিয়মিত সবজি রাখার পাশাপাশি সেগুলো সঠিকভাবে সংরক্ষণ ও রান্না করাও জরুরি। এতে খাবারের পুষ্টিগুণ যতটা সম্ভব অক্ষুণ্ন রাখা যায়। শীতের সবজির পুষ্টিগুণ যতটা সম্ভব অক্ষুণ্ন রাখতে রান্নার সময় যে ভুলগুলো এড়িয়ে চলা উচিত।

১. রান্নার আগেই সবজি কেটে রাখা
সময় বাঁচাতে অনেকে আগের দিন রাতে সবজি কেটে ফ্রিজে রেখে দেন। তবে দীর্ঘ সময় কেটে রাখলে বাতাসের সংস্পর্শে জারণ প্রক্রিয়ায় কিছু ভিটামিনের পরিমাণ কমতে পারে। তাই রান্নার ঠিক আগে সবজি কেটে নেওয়া ভালো।

২. খোসা ছাড়ানোর পর সবজি ধোয়া
অনেকে সবজির খোসা ছাড়ানোর পর ভালোভাবে ধুয়ে নেন। এতে পানিতে দ্রবণীয় কিছু পুষ্টি উপাদান পানির সঙ্গে বেরিয়ে যেতে পারে। তাই লাউ, পটল, ঝিঙে, বিট ও গাজরের মতো সবজি খোসা ছাড়ানোর আগেই ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত।

৩. বেশি আঁচে রান্না করা
অতিরিক্ত তাপে রান্না করলে সবজিতে থাকা কিছু তাপসংবেদনশীল ভিটামিনের পরিমাণ কমে যেতে পারে। এতে খাবারের স্বাদ ও গঠনেও পরিবর্তন আসে। তাই প্রয়োজন অনুযায়ী মাঝারি বা কম আঁচে সবজি রান্না করা ভালো।

৪. অতিরিক্ত তেল দিয়ে কষানো
সবজি রান্নায় বেশি তেল ব্যবহার করলে খাবারের ক্যালরির পরিমাণ বেড়ে যায়। দীর্ঘ সময় ধরে বেশি তেলে কষিয়ে রান্না করলেও কিছু পুষ্টি উপাদান ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অল্প তেলে রান্না, ভাপ দেওয়া বা সেদ্ধ করার মতো পদ্ধতি বেছে নেওয়া যেতে পারে।

৫. বিদেশি সবজির প্রতি অতিরিক্ত ঝোঁক
স্বাস্থ্যসচেতনতার কারণে অনেকে জুকিনি, চেরি টমেটো, অ্যাসপারাগাস, কেল ও সেলারির মতো বিদেশি সবজি কিনে থাকেন। তবে পুষ্টির জন্য বিদেশি সবজির ওপর নির্ভর করার প্রয়োজন নেই। স্থানীয়ভাবে উৎপাদিত মৌসুমি সবজিতেও রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ ও খাদ্য আঁশ।

শীতকালে বাজারে পালংশাক, ফুলকপি, শিম, মটরশুঁটি, রাঙা আলু ও টমেটোর মতো নানা ধরনের সবজি পাওয়া যায়। এসব সবজিতে থাকা খাদ্য আঁশ, ভিটামিন ও খনিজ উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রম, হজম ও রোগপ্রতিরোধ ব্যবস্থায় ভূমিকা রাখে।

সূত্র: আনন্দবাজার অনলাইন।