খাবার ও শরীরের সম্পর্ক বুঝতে নতুন বৈজ্ঞানিক ধারণা ‘ডায়েটোম’
একই পরিমাণ ক্যালরি, প্রায় সমান পুষ্টিগুণ থাকার পরও দুটি খাবার মানুষের শরীরে তৈরি করতে পারে ভিন্ন প্রতিক্রিয়া। কোন খাবার কতটা স্বাস্থ্যকর, তা নির্ধারণে শুধু ক্যালরি কিংবা প্রোটিন, চর্বি ও ভিটামিনের হিসাবই যথেষ্ট নয়। খাবারের গঠন, স্বাদ, রান্নার পদ্ধতি, হজমপ্রক্রিয়া এমনকি অন্ত্রের অণুজীবও শরীরের ওপর এর প্রভাব বদলে দিতে পারে। খাবার ও মানবদেহের এই জটিল সম্পর্ক ব্যাখ্যা করতে বিজ্ঞানীরা সামনে এনেছেন নতুন ধারণা ‘ডায়েটোম’। এ ধারণা ভবিষ্যতে ব্যক্তিভিত্তিক পুষ্টি পরিকল্পনা তৈরি এবং আরও স্বাস্থ্যকর খাবার উদ্ভাবনের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের আমেরিকান সোসাইটি ফর নিউট্রিশনের (এএসএন) শতবর্ষী ও মর্যাদাপূর্ণ প্রধান সাময়িকী দ্য জার্নাল অব নিউট্রিশন-এ প্রকাশিত এক গবেষণায় ব্যক্তিভিত্তিক পুষ্টি পরিকল্পনা তৈরির সম্ভাব্য কাঠামো হিসেবে ডায়েটোম ধারণাটি তুলে ধরা হয়েছে। গবেষণাটি পরিচালনা করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া।
সাধারণত কোনো খাবার স্বাস্থ্যকর কি না, তা নির্ধারণে এর ক্যালরি, প্রোটিন, শর্করা, চর্বি, ভিটামিন ও খনিজ উপাদানের পরিমাণ বিবেচনা করা হয়। কিন্তু ডায়েটোম ধারণা খাবারকে কেবল এসব পুষ্টি উপাদানের সমষ্টি হিসেবে দেখতে চায় না। বরং খাবারের পুষ্টি উপাদান, প্রাকৃতিক যৌগ, গঠন ও ঘনত্ব, স্বাদ এবং রান্নার পদ্ধতিকে একটি সমন্বিত ব্যবস্থা হিসেবে বিবেচনা করে।
এই বৈশিষ্ট্যগুলো কীভাবে মানুষের হজমপ্রক্রিয়া, অন্ত্রের অণুজীব এবং শরীরের বিভিন্ন জৈবিক কার্যক্রমকে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করাই ডায়েটোম ধারণার মূল লক্ষ্য।
সহজভাবে বলতে গেলে, দুটি খাবারের পুষ্টিগুণ প্রায় একই রকম হলেও শরীর সেগুলোকে একইভাবে গ্রহণ বা প্রক্রিয়াকরণ নাও করতে পারে। খাবারের গঠন, রান্নার ধরন, হজমের গতি, অন্ত্রের ব্যাকটেরিয়া এবং ব্যক্তির শারীরিক অবস্থার কারণে এই পার্থক্য তৈরি হতে পারে।
খাবার শরীরে প্রভাব ফেলে পাঁচ ধাপে
গবেষণায় ‘ইনফরমেশনাল নিউট্রিশন ফ্রেমওয়ার্ক’ (আইএনএফ) নামে একটি পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। এতে খাবার কীভাবে মানবদেহে প্রভাব বিস্তার করে, তা পাঁচটি ধাপে ব্যাখ্যা করা হয়েছে।
ধাপগুলো হলো, প্রথমত, খাদ্যের গঠন ও বৈশিষ্ট্য; দ্বিতীয়ত, শরীরের ভেতরে খাদ্যের চলাচল; তৃতীয়ত, শরীর কীভাবে খাদ্যকে প্রক্রিয়াকরণ করে; চতুর্থত, খাদ্যের প্রতি শরীরের কোষগুলোর প্রতিক্রিয়া এবং পঞ্চমত, অতীতে খাদ্য গ্রহণের অভিজ্ঞতা ভবিষ্যতে শরীরের প্রতিক্রিয়াকে কীভাবে প্রভাবিত করে।
অর্থাৎ, একজন মানুষ কী খাচ্ছেন, খাবারটি শরীরের ভেতরে কীভাবে ভাঙছে ও শোষিত হচ্ছে এবং এর ফলে কোষগুলো কী ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে সবকিছুকে একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্লেষণ করা হবে। একই সঙ্গে অতীতের খাদ্যাভ্যাসের কারণে শরীরের প্রতিক্রিয়ায় কোনো পরিবর্তন তৈরি হয়েছে কি না, সেটিও বিবেচনায় আসবে।
অন্ত্রের অণুজীবের ভূমিকায় বিশেষ গুরুত্ব
ডায়েটোম ধারণায় অন্ত্রের অণুজীব বা গাট মাইক্রোবায়োমের ভূমিকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষের অন্ত্রে বসবাসকারী এসব অণুজীব খাবারের এমন কিছু উপাদান ভেঙে ফেলতে সাহায্য করে, যা মানবদেহ একা হজম করতে পারে না।
এই প্রক্রিয়ায় তারা বিউটিরেট ও প্রোপিওনেটের মতো উপাদান তৈরি করে। এসব উপাদান অন্ত্রের স্বাস্থ্যসহ শরীরের বিভিন্ন জৈবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। ফলে একই খাবার গ্রহণ করলেও ব্যক্তিভেদে অন্ত্রের অণুজীবের গঠন ও কার্যক্রমের পার্থক্যের কারণে শারীরিক প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে।
গবেষকদের মতে, খাবারের প্রভাব বুঝতে হলে শুধু খাবারের পুষ্টিমান জানলেই চলবে না; খাবার গ্রহণের পর শরীরের ভেতরে কী ঘটছে, সেটিও বুঝতে হবে।
এই ধারণার মাধ্যমে গবেষকেরা পৃথক পুষ্টি উপাদানের পরিবর্তে সম্পূর্ণ খাবারের সমন্বিত প্রভাব বিশ্লেষণের সুযোগ পাবেন। যেমন, ওটস বা অন্যান্য পূর্ণ শস্য, ডাল, শাকসবজি এবং গাঁজন করা খাবারের সমন্বয়ে তৈরি একটি খাবারের পুষ্টিগুণ, গঠন, হজমপ্রক্রিয়া, রক্তে শর্করার ওপর প্রভাব এবং দীর্ঘ সময় পেট ভরা রাখার সক্ষমতা একসঙ্গে বিশ্লেষণ করা সম্ভব হবে।
এতে একই খাবার বিভিন্ন ব্যক্তির শরীরে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে, তা বোঝার সুযোগ তৈরি হতে পারে। কারও জন্য কোন খাবার বেশি উপযোগী, কোন খাবার শরীর ভালোভাবে হজম করতে পারছে কিংবা কোন খাদ্যসমন্বয় দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর হতে পারে এসব বিষয়েও গবেষণার নতুন ক্ষেত্র তৈরি হবে।
পুষ্টি গবেষণায় যুক্ত হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা
ডায়েটোম কাঠামোয় পুষ্টিবিষয়ক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য ব্যবহারের কথাও তুলে ধরা হয়েছে। কম্পিউটারভিত্তিক মডেলের মাধ্যমে বিভিন্ন খাবার ও খাবারের সমন্বয় মানুষের শরীরে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা বিশ্লেষণ করা সম্ভব হতে পারে।
এ ধরনের বিশ্লেষণে খাবারের পুষ্টিমান, গঠন, হজমপ্রক্রিয়া এবং ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্যসহ বিভিন্ন তথ্য একত্রে বিবেচনা করা যাবে। এর মাধ্যমে ব্যক্তির প্রয়োজন ও শারীরিক প্রতিক্রিয়া অনুযায়ী উপযুক্ত খাদ্যাভ্যাস চিহ্নিত করার সম্ভাবনা তৈরি হতে পারে।
ডায়েটোম ধারণা সম্পর্কে গবেষক ড. মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, খাদ্য ও মানবদেহের জীববিজ্ঞানের মধ্যকার সম্পর্ক বোঝার ক্ষেত্রে এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। ভবিষ্যতে ব্যক্তিভিত্তিক পুষ্টি পরিকল্পনা এবং অধিক স্বাস্থ্যকর খাবার উদ্ভাবনে এটি গবেষণাকে সহায়তা করতে পারে।
তবে গবেষকেরা মনে করছেন, ডায়েটোম কাঠামোটি এখনো বিকাশমান একটি ধারণা। এর কার্যকারিতা ও বাস্তব প্রয়োগের সক্ষমতা যাচাই করতে আরও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। খাদ্যের বিভিন্ন উপাদান এবং দীর্ঘমেয়াদি জৈবিক প্রভাবের মধ্যে প্রস্তাবিত কিছু সম্পর্ক এখনো মানুষের ক্ষেত্রে পুরোপুরি প্রমাণিত হয়নি।
এই কাঠামো কতটা নির্ভুলভাবে মানুষের স্বাস্থ্যগত প্রতিক্রিয়া অনুমান করতে পারে এবং বাস্তবে কতটা কার্যকর সুবিধা দিতে পারে, তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি গবেষণা ও পরীক্ষার প্রয়োজন রয়েছে।
গবেষণায় আরও বলা হয়েছে, শুধু পুষ্টিগুণ বিবেচনা করলেই স্বাস্থ্যকর খাবার নিশ্চিত হবে না। খাবার হতে হবে সাশ্রয়ী, সহজলভ্য, সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য এবং পরিবেশগতভাবে টেকসই।
সব মিলিয়ে, ডায়েটোম ধারণা খাবারকে বিচ্ছিন্ন কিছু পুষ্টি উপাদানের সমষ্টি হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা হিসেবে বিবেচনার সুযোগ তৈরি করছে। মানুষের খাদ্যাভ্যাস, অন্ত্রের অণুজীব এবং শরীরের জৈবিক প্রতিক্রিয়ার পারস্পরিক সম্পর্ক বুঝতে এই ধারণা ভবিষ্যতের পুষ্টিবিজ্ঞানে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।