যে ৩ ভুলে প্রতিনিয়ত চিয়া সিড খেয়েও ওজন কমছে না
ওজন কমাতে নিয়ম করে চিয়া সিড খাচ্ছেন, অথচ প্রত্যাশিত ফল পাচ্ছেন না? শুধু নিয়মিত খেলেই যে চিয়া সিড ওজন কমাতে সাহায্য করবে, তা নয়। এটি খাওয়ার পদ্ধতিতেও রয়েছে কিছু বিষয়। ভুলভাবে খেলে হজমের সমস্যা হতে পারে, আবার কাঙ্ক্ষিত উপকারও নাও মিলতে পারে। তাই ওজন কমানোর লক্ষ্যে চিয়া সিড খাওয়ার সময় যে তিনটি ভুল এড়িয়ে চলা জরুরি, সেগুলো জেনে নেওয়া যাক।
স্বাস্থ্যসচেতনদের ডায়েটে এখন পরিচিত খাবার চিয়া সিড। বাজারে এখন এই বীজের চাহিদা তুঙ্গে, দামও বেড়ে চলেছে দিন দিন। কেউ চিয়া ভেজানো পানি খেয়ে দিন শুরু করছেন। কেউ আবার স্মুদিতে মিশিয়ে খেতে পছন্দ করেন এই বীজ। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড আর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই বীজ খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে। হজমশক্তি আর বিপাকহার বৃদ্ধিতে চিয়া সিড বেশ উপকারী। তাই ওজন কমানোর ডায়েটে এই বীজ রাখার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। পুষ্টিবিদেরা উপকারী বলেছেন বলেই যে চিয়া যত খুশি খেয়ে নেওয়া যায়, তা একেবারেই নয়। সবার শরীর একরকম নয়, ব্যক্তিভেদে শরীরের ভেতরের সমস্যাও আলাদা।
চিয়া সিড খাওয়ার নিয়ম আছে। অনেকেই ভুল পদ্ধতিতে খান বলে শরীরে তেমন কোনও ফলাফল দেখতে পাওয়া যায় না। জেনে নিন, এই বীজ খাওয়ার সময়ে কোন ভুল এড়িয়ে চলবেন।
১) ওটস বা স্মুদি খাওয়ার সময়ে অনেকেই শুকনো চিয়া সিড ছড়িয়ে খান। এমনটা কিন্তু না করাই ভালো। শুকনো চিয়া সিড খেলে হজমজনিত সমস্যা বেড়ে যেতে পারে।
২) চিয়া সিড বেশ খানিকক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে, ফলে মুখরোচক খাবার খাওয়ার প্রবণতা কমে। তবে চিয়া সিড ভালো করে ভিজিয়ে না রাখলে কোনওটাই হবে না। সারা রাত ভিজিয়ে রাখতে পারলে খুব ভালো হয়। হাতে সময় কম থাকলে অন্তত ২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন।
৩) শুধু চিয়া ভেজানো পানি না খেয়ে কিছুর সঙ্গে মিশিয়ে খেলে উপকার বেশি। খুব ভালো হয় যদি দইয়ের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। ফলের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন। এতে পেট আরও বেশ ভরা থাকবে।