তৃতীয় সংসার ভাঙার খবর দিলেন ন্যান্সি
জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সির সংসারে আবারও বিচ্ছেদের সুর। স্বামী মহসিন মেহেদির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে নিজেই বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন এই সংগীতশিল্পী।
স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, ‘মেহেদি এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রাটি একসময় সব কিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে। বছরের পর বছর ধরে ভাগ করে নেওয়া স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরও লিখেছেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার কাছে এই সময়ে আমি আন্তরিকভাবে বোঝাপড়া, সম্মান ও ব্যক্তিগত গোপনীয়তা কামনা করছি।’
জীবনের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করার প্রত্যাশা জানিয়ে ন্যান্সি লেখেন, ‘জীবনের উন্মোচিত হওয়ার নিজস্ব ধরন রয়েছে। আমি আশা করি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে এই নতুন অধ্যায়কে বরণ করে নেব।’
সবশেষে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
গানের সূত্র ধরেই ন্যান্সির সঙ্গে মহসিন মেহেদির পরিচয় ও বন্ধুত্ব হয়। পরে সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয়। ২০২১ সালের আগস্টে পারিবারিকভাবে আংটিবদল ও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।