দর্শক ভোটেও হলো না শেষ রক্ষা, মিস ইউনিভার্সে বাদ মাহি
মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। দর্শক ভোটের মাধ্যমে সরাসরি সেমিফাইনালে ওঠার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত সেই সুযোগ কাজে লাগেনি তাঁর। এর মধ্য দিয়ে এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধির যাত্রা শেষ হয়েছে প্রাথমিক পর্বেই।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ছয়টায় পুয়ের্তো রিকোয় শুরু হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।
দর্শক ভোটের মাধ্যমে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।
দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্স মূল্যায়ন করে সেরা ৩০ প্রতিযোগী নির্বাচন করা হয়। এই তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের মাহির।
সেরা ৩০-এ জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়া।
সেরা ৩০ প্রতিযোগী অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তাঁদের মূল্যায়ন করা হবে। এসব পর্বের পারফরম্যান্সের ভিত্তিতেই নির্বাচিত হবেন এবারের মিস ইউনিভার্স।