০৬ নভেম্বর ২০২৬, ১৮:২০

‘বরবাদ’ সিনেমার নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন দিঘী

বামে মেহেদী হাসান হৃদয়, ডানে প্রার্থনা ফারদিন দিঘী।  © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর সঙ্গে ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও গুঞ্জনকে স্বাভাবিকভাবে দেখার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর ভাষ্য, নিজের মুখে কিছু না বলা পর্যন্ত এসব আলোচনা গুঞ্জনই থাকবে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা প্রসঙ্গে কথা বলেন দিঘী। তাঁকে ঘিরে কী ধরনের গুঞ্জন ছড়াচ্ছে কিংবা সেগুলোর উৎস কী, তা নিয়ে খুব একটা ভাবেন না বলে জানান তিনি।

দিঘী বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

শোবিজে কাজ করলে ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা হওয়াকে স্বাভাবিক বলেই মনে করেন এই অভিনেত্রী। তাঁর মতে, একজন শিল্পী কিংবা গণমাধ্যমকর্মীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকতেই পারে। তাই প্রতিটি গুঞ্জন নিয়ে আলাদা করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই।

এ প্রসঙ্গে দিঘী আরও বলেন, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন প্রার্থনা ফারদিন দিঘী। সময়ের সঙ্গে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নায়িকা হিসেবে। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। তবে নিজের মুখে কিছু না বলা পর্যন্ত এ ধরনের আলোচনাকে গুঞ্জন হিসেবেই দেখার অবস্থান জানিয়েছেন তিনি।